খেলাধুলা

এবি ডিভিলিয়ার্সের ধামাকায় পাকিস্তানের লজ্জার হার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

বার্মিংহাম: ফের মুখ পুড়ল পাকিস্তান চ্যাম্পিয়ন্সের। এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) ব্যাটে ভর করে পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিল সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। বার্মিংহামে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের ফাইনালে ৯ উইকেটের জয়ে শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা।

১২০ রানে অপরাজিত থেকে এবি শুধু ম্যাচ জেতালেন না, প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট—দুটোই জিতে নিলেন একক দাপটে। ৪৭ বলে পূর্ণ করলেন শতরান। পুরনো সেই ভয়ঙ্কর এবি’কে যেন নতুন করে ফিরে পেল ক্রিকেটবিশ্ব।

পাকিস্তান চ্যাম্পিয়ন্স প্রথমে ব্যাট করে তোলে ১৯৬ রান। ওপেনার শারজিল খানের দুর্দান্ত ৭৬ রানের ইনিংস ছাড়াও, উমর আমিন অপরাজিত থাকেন ৩৬ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন হার্ডস ভিজলোন ও ওয়েন পারনেল।

জবাবে নেমে এবি ও ডুমিনির জোড়া ইনিংসে মাত্র ১৬.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় সাউথ আফ্রিকা। এবি ১২০ রানে অপরাজিত, জেপি ডুমিনি থাকেন ৫০ রানে অপরাজিত।

প্রসঙ্গত, এই টুর্নামেন্টে পাকিস্তান গ্রুপ পর্বে শীর্ষে থাকায় সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে যুবরাজ সিংয়ের ভারতীয় দল সেই ম্যাচে না খেলেই সরে দাঁড়ায়, ফলে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।

তবে ফাইনালে এসে পাকিস্তানকে ছাপিয়ে গেল এবির দক্ষিণ আফ্রিকা।

২০২৫ সালটা যেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের স্বর্ণযুগ—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার লিজেন্ডস চ্যাম্পিয়নশিপেও চ্যাম্পিয়ন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.