অ্যাশেজ শুরুর আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে বাগ্যুদ্ধ। ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট দর্শন ‘বাজ়বল’-কে এবার নিশানা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তাঁর সোজাসাপ্টা প্রশ্ন—নিজেদের দেশে পাটা উইকেটে দাপট দেখানো ইংল্যান্ড কি অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং কন্ডিশনে একই রকম খেলতে পারবে?
‘দ্য টাইমস’-এ দেওয়া সাক্ষাৎকারে পন্টিং মন্তব্য করেন, ইংল্যান্ড সবচেয়ে স্বচ্ছন্দ থাকে ব্যাটসম্যান-বান্ধব উইকেটে, যেখানে রান তোলা সহজ। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে পরিস্থিতি ভিন্ন। বোলারদের সহায়তা পাওয়া উইকেটে ‘বাজ়বল’ হয়তো মুখ থুবড়ে পড়বে। যদিও তিনি স্পষ্ট করেছেন, অস্ট্রেলিয়া নাকি ইচ্ছে করে নিজেদের সুবিধা অনুযায়ী পিচ বানায় না। তাঁর সময়ে যেমন ছিল, তেমনই থাকবে—অস্ট্রেলিয়া বিশ্বের সেরা স্বাভাবিক উইকেট তৈরি করবে।
গতবার ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ড্র হলেও অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের রেকর্ড হতাশাজনক। পন্টিং মনে করছেন, এই ধারাই চলবে। তাঁর মতে, স্টোকসদের দলে দক্ষ ক্রিকেটার থাকলেও সিরিজের ফলাফলে পরিবর্তন আসবে না—অস্ট্রেলিয়া আবারও জিতবে। তবে তিনি চান, ইংল্যান্ড যেন আক্রমণাত্মক মনোভাব নিয়েই নামুক, যাতে লড়াই জমে ওঠে।
এদিকে, দুই দলের সামনে রয়েছে আলাদা টেস্ট চ্যালেঞ্জ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার পথে অস্ট্রেলিয়া চাইছে ধারাবাহিক সাফল্য, অন্যদিকে তিনবার ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়া ইংল্যান্ড চাইছে ইতিহাস বদলাতে। ভারতের সঙ্গে ঘরের মাঠে সিরিজ ড্রয়ের পর এবার স্টোকসদের সামনে অস্ট্রেলিয়ার মাটির কঠিন লড়াই। তার আগেই প্রতিপক্ষের আত্মবিশ্বাসে চির ধরানোর চেষ্টা করলেন পন্টিং।







