খেলাধুলা

বড়সড় ধাক্কা সবুজ-মেরুন শিবিরে! ইরান না যাওয়ার মাশুল হিসেবে ২ বছরের জন্য নির্বাসিত মোহনবাগান

কলকাতার ফুটবল প্রেমীদের জন্য এক অত্যন্ত দুঃসংবাদ। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র পক্ষ থেকে বড়সড় শাস্তির মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। ইরান সফরে না যাওয়ার মাশুল হিসেবে আগামী ২ বছরের জন্য এএফসি-র সমস্ত টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। শুধু তাই নয়, এর পাশাপাশি ক্লাবকে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানাও দিতে হবে।

পুরো ঘটনার সূত্রপাত গত সেপ্টেম্বর মাসে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে গ্রুপ ‘সি’-র ম্যাচে ইরানের সেপাহান এফসির বিরুদ্ধে খেলার কথা ছিল শুভাশিস বোসদের। কিন্তু সেই সময় ইরানের রাজনৈতিক পরিস্থিতি এবং ফুটবলারদের নিরাপত্তার অভাবের কথা মাথায় রেখে ক্লাব ম্যানেজমেন্ট ইরানে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। মোহনবাগানের পক্ষ থেকে বারংবার আবেদন করা হয়েছিল যাতে ম্যাচটি ইরান থেকে সরিয়ে কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করা হয়। দলের ফুটবলাররাও নিরাপত্তার খাতিরে সেই দাবি সমর্থন করেছিলেন। কিন্তু এএফসি কর্তারা বাগান ম্যানেজমেন্টের সেই আবেদনে কর্ণপাত করেননি।

পূর্ব ঘোষণা অনুযায়ী মোহনবাগান সেই ম্যাচে অংশ না নেওয়ায় এএফসি কঠোর অবস্থান নিল। এর আগে কেবল চলতি মরশুমের পয়েন্ট কেড়ে নেওয়ার কথা শোনা গেলেও, এখন ২ বছরের নির্বাসনের খবরে মাথায় আকাশ ভেঙে পড়েছে সমর্থকদের। যদিও মোহনবাগান কর্তৃপক্ষের দাবি ছিল, ফুটবলারদের জীবনের ঝুঁকি নিয়ে তারা মাঠে নামতে চায় না। আন্তর্জাতিক ফুটবল মঞ্চে নিরাপত্তার দোহাই দিয়ে ম্যাচ বাতিল করা খুব একটা সহজ বিষয় নয়, তা এই কঠোর সাজা থেকেই পরিষ্কার। এখন দেখার, ক্লাবের পক্ষ থেকে এই বিশাল জরিমানার অঙ্ক এবং নির্বাসনের বিরুদ্ধে পরবর্তীকালে আর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.