বুধবার সন্ধ্যার লখনউ ছিল এক কথায় অচেনা। কুয়াশা এতটাই ঘন ছিল যে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যাচ্ছিল না। টসের সময় পেরিয়ে যাওয়ার পর দীর্ঘ তিন ঘণ্টা সময় পার হয়ে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আম্পায়াররা মোট সাতবার মাঠ পরিদর্শন করেন, কিন্তু দৃশ্যমানতা বা ‘ভিজিবিলিটি’ এতই কম ছিল যে খেলা চালানো অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত রাত ৯টা ৪৪ মিনিটের ‘কাট-অফ’ সময়ের অনেক আগেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ম্যাচ বাতিলের ফলে সিরিজের ভাগ্য এখন ঝুলে রইল শেষ ম্যাচের ওপর। ভারত বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। চতুর্থ ম্যাচ না হওয়ায় ভারতের সিরিজ হারার ভয় আর নেই, তবে সিরিজ জিততে হলে এখন আহমেদাবাদে শেষ ম্যাচটির দিকেই তাকিয়ে থাকতে হবে সূর্যকুমার যাদব বাহিনীকে।
ম্যাচ বাতিলের হতাশার মাঝেই ভারতীয় শিবিরের জন্য একটি বড় দুসংবাদ এল। খারাপ ফর্ম আর শারীরিক সমস্যার কারণে পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেই বাদ পড়লেন সহ-অধিনায়ক শুভমন গিল। জানা গেছে, গত ২১টি সাদা বলের আন্তর্জাতিক ম্যাচে তার ব্যাটে একটিও হাফ সেঞ্চুরি আসেনি। গিলের বদলে শেষ ম্যাচে সঞ্জু স্যামসনকে ওপেনার হিসেবে দেখার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
লখনউয়ের এই কুয়াশা নিয়ে আবার রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, এটি সাধারণ কুয়াশা নয় বরং মারাত্মক দূষণ বা ‘স্মগ’। তিনি জানান, লখনউয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪১১-তে পৌঁছে গিয়েছিল, যা খেলার জন্য একেবারেই অনুপযুক্ত। তিরুবনন্তপুরমের মতো পরিষ্কার আবহাওয়ার শহরে ম্যাচ আয়োজন না করার জন্যও তিনি বিসিসিআই-কে কটাক্ষ করেছেন।
বর্তমানে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।অভিষেক শর্মা আর মাত্র ৪৭ রান করলেই এক ক্যালেন্ডার বছরে বিরাট কোহলির সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেবেন। অন্যদিকে, সূর্যকুমার যাদব তাঁর ৯,০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক থেকে মাত্র ৩০ রান দূরে। জাসপ্রীত বুমরা দলের সঙ্গে অনুশীলনে থাকলেও আজ তিনি প্রথম একাদশে থাকতেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। লখনউয়ের সমর্থকদের জন্য রাতটা বিষাদের হলেও, ভারতের সামনে সুযোগ থাকছে আহমেদাবাদে সিরিজ পকেটে পুরে নেওয়ার।







