এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের আনা আবেদনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, আজ সকাল সাড়ে ১০টার মধ্যে জবাবদিহির জন্য রাজ্যের শিক্ষা সচিব মণীষ জৈনকে তলব করেন বিচারপতি। তবে শিক্ষাসচিবের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য।
প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদে চাকরি বাতিল হওয়া অযোগ্যদের পুনর্বহালের আবেদন করে এসএসসি। যার জেরে অস্বস্তি বাড়ে রাজ্য সরকারের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের এসএসসি-র কাছে হলফনামা তলব করেন যে কার নির্দেশে অযোগ্যদের পুনর্বহালের দাবি জানানো হচ্ছে! এসএসসি-র তরফ থেকে সাফ জানানো হয়, এই সুপারিশ তাদের নয়। প্রশ্ন ওঠে, যদি এসএসসি এই সুপারিশ না করে থাকে, তাহলে এসবের পেছনে কে রয়েছেন? সেই কৈফিয়ত তলব করে মণীশ জৈনকে হাজিরার নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
চলতি বছরের মে মাসে স্কুল সার্ভিস কমিশনের চতুর্থ ও তৃতীয় শ্রেণীর কর্মী নিয়োগ এবং নবম-দশম ও একাদশ-দ্বাদশে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ৮ হাজারের বেশি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই সূত্রের খবর। পরে আদালতের অনুমতি নিতে আবেদনও জানায় এসএসসি। তবে সম্প্রতি অতিরিক্ত শূন্যপদ তৈরির সেই আবেদন প্রত্যাহার করতে চান এসএসসির আইনজীবী সুতনু পাত্র।







