প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত ছয় মাস ধরে শয্যাশায়ী ছিলেন এবং বাধ্য হয়ে অভিনয় জগত থেকে সরে আসেন। জানা গিয়েছে, পেটের ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। একটি কিডনিও অচল হয়ে গিয়েছিল। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল বিপুল অর্থের।
প্রায় সাত দশক ধরে ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’-এর সঙ্গে যুক্ত ছিলেন বাসন্তী দেবী। উত্তমকুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেন-সহ বাংলা সিনেমার কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন তিনি। শেষবার দেখা গিয়েছিল ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে।
এই ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বলেন, “মঙ্গলবার রাত ১০টা নাগাদ ওঁর মৃত্যুর খবর পাই। আমি শুটিং সেটে থাকাকালীন খবরটা পাই। মনটা খুব ভারী। তবে আমরা সকলেই মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন। কারণ শেষদিকে খুব কষ্ট পাচ্ছিলেন মানুষটা।”
২০২৫ সালের শুরুর দিকে আবারও ‘গীতা এলএলবি’-র সেটে ফিরেছিলেন তিনি এবং ধারাবাহিকের এক বছরের উদ্যাপনে অংশ নিয়েছিলেন। কিন্তু পরে পাঁজর ভেঙে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং ধীরে ধীরে অভিনয় জগত থেকে দূরে সরে যান। বাংলার চলচ্চিত্র ও টেলিভিশন জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।







