কলকাতা

আরজি কর নির্যাতিতা কাণ্ডে নতুন বিতর্ক — নির্যাতিতার বাবাকে আইনি নোটিস কুণাল ঘোষের, ৪ দিনের আলটিমেটাম

আরজি কর নির্যাতিতা কাণ্ড ঘিরে ফের তীব্র রাজনৈতিক তরজা। নির্যাতিতার বাবা-মা ন্যায়ের দাবিতে পথে নেমে গত শনিবার নবান্ন অভিযান করেছিলেন, কিন্তু আন্দোলন সফল না হওয়ার পাশাপাশি তাঁদের বিস্ফোরক অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি।

নবান্ন অভিযানের দিন পুলিশের ভূমিকা, রাজ্য সরকারের অবস্থান এবং সিবিআই তদন্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার বাবা-মা। এমনকি সিবিআই-কে “টাকা খেয়ে তদন্ত নষ্ট করার” অভিযোগও তোলেন তাঁরা। সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেও হতাশা প্রকাশ করেন নির্যাতিতার বাবা, সরাসরি বলেন— “সিবিআই বোগাস।”

এই মন্তব্য ঘিরেই এবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সরব। তাঁর দাবি, নির্যাতিতার বাবা মিডিয়াকে বলেছেন— সিবিআই টাকা খেয়েছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে “সেটল” করেছেন। কুণালের স্পষ্ট বক্তব্য— “এমন মন্তব্য মেনে নেওয়া যায় না।”

তৃণমূল নেতার হুঁশিয়ারি, চিঠি পাওয়ার পর ৪ দিনের মধ্যে নির্যাতিতার বাবাকে ক্ষমা চাইতে হবে, নইলে আদালতে প্রমাণ দিতে হবে। কুণাল ঘোষ বলেন—

“ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। ক্ষমা না চাইলে মামলা করব।”

যদিও কুণাল জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে নির্যাতিতার বাবার প্রতি পূর্ণ সম্মান ও সহমর্মিতা রাখেন, কিন্তু এমন গুরুতর অভিযোগ করে কেউ পার পাবে না— সেটাই মনে করিয়ে দিতে চান তিনি।

রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তীব্র তরজা শুরু হয়েছে। একপাশে শোকাহত পরিবারের ক্ষোভ, অন্যপাশে শাসকদলের শীর্ষ নেতার আইনি পদক্ষেপ— আরজি কর কাণ্ডে নতুন করে চড়ল বিতর্কের পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.