নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ‘কালীঘাট তৃণমূল’-এর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে শনিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। অনুমতি ছাড়া জমায়েত করার অভিযোগে পুলিশ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে আটক করে। তাঁর পাশাপাশি বৈশ্বানর চট্টোপাধ্যায়সহ আরও কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়। পুলিশের দাবি, হাইকোর্টের অনুমতি না থাকা সত্ত্বেও কেন এই কর্মসূচি করা হচ্ছে, সে বিষয়ে নেতৃত্বের কাছে জানতে চাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ সময় সিআইটি রোডে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন-সহ দলের বহু নেতা-কর্মী ও সমর্থক।
হাইকোর্টের অনুমতি না মিললেও কর্মসূচি থেকে সরে আসেনি ‘কালীঘাট তৃণমূল’। পদ্মপুকুর এলাকায় মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ অন্যান্য নেতারা। শেষ পর্যন্ত কুণাল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মিছিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ হয়ে যায়। আদালতের পর্যবেক্ষণ ছিল, আগের দিনের ছাত্র আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় এদিন নতুন করে অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপরও কর্মসূচি চালিয়ে যাওয়ায় পুলিশ কুণাল ঘোষ-সহ অন্য নেতাদের লালবাজারে নিয়ে যায়। পরে স্কুটিতে চেপে লালবাজারের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পথে তিনি ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। পাশাপাশি তিনি বলেন, “আমরা ছাত্র-যুবদের পাশে ছিলাম, এখনও আছি।”
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আগের দিন ধর্মতলায় একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে বৃহৎ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজ পড়ুয়া, অভিভাবক এবং ককরোচ জনতা পার্টির সদস্যরাও সেই আন্দোলনে অংশ নেন। বিকেলের দিকে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ধর্মতলা চত্বরে।
আন্দোলন চলাকালীন পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ পুলিশের উদ্দেশে ইট, জুতো ও বোতল ছোড়ে। জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এর আগে শিয়ালদা স্টেশন থেকে শুরু হওয়া মিছিলে হাজার হাজার ছাত্রছাত্রী, অভিভাবক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। হাতে ছিল মণীষীদের ছবি-সহ প্ল্যাকার্ড, পোস্টার ও ফুল। ‘GET WELL SOON SYSTEM’ লেখা প্ল্যাকার্ডও দেখা যায় আন্দোলনকারীদের হাতে। মুখরিত ছিল গোটা মিছিল এলাকা প্রতিবাদের স্লোগানে।







