রাজস্থানের জয়পুরে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রকাশ্যে এল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। অভিযোগ, স্বামীকে পথের কাঁটা মনে করে স্ত্রী তার প্রেমিক ও এক ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ইতিমধ্যেই তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মনোজ (৩৫)। তিনি পেশায় ই-রিকশা চালক। তাঁর স্ত্রী সন্তোষ দেবী একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। সেখানেই তাঁর পরিচয় হয় সহকর্মী ঋষি শ্রীবাস্তবের সঙ্গে। পরিচয় থেকে প্রেম, আর সেই প্রেমই পরিণতি টানে হত্যার পরিকল্পনায়।
তদন্তে উঠে এসেছে, মনোজকে সরিয়ে দিতে সন্তোষ ও ঋষি যুক্ত হয় ঋষির বন্ধু মোহিত শর্মার সঙ্গে। তিনজন মিলে এক মাস আগে থেকেই খুনের ছক কষতে শুরু করে। শুধু তাই নয়, গুগলে খুনের বিভিন্ন পদ্ধতি খুঁজে দেখা, জনপ্রিয় ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ দেখা সবই ছিল তাদের প্রস্তুতির অঙ্গ। শনিবার রাতে অভিযুক্তরা মনোজকে ফাঁদে ফেলে। প্রথমে মোহিত যাত্রী সেজে মনোজের ই-রিকশায় ওঠে। কিছু দূরে গিয়ে তাদের সঙ্গে যোগ দেয় ঋষি। এরপর নির্জন এলাকায় পৌঁছে ধারালো অস্ত্র দিয়ে মনোজের গলা কেটে ফেলে দুই অভিযুক্ত। খুনের পর সেখানেই পোশাক বদলে ফেলে তারা, এমনকি ব্যবহৃত নতুন সিম কার্ডও বন্ধ করে দেওয়া হয়, যাতে কোনও প্রমাণ না থাকে।
ঘটনাস্থলে সিসিটিভি না থাকলেও, সংলগ্ন এলাকার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করে। পরে তিনজনকে একসঙ্গে আটক করে জেরা করলে সবাই খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশি দাবি, অভিযুক্তরা অত্যন্ত পরিকল্পিতভাবে খুন করেছে। তারা এক মাস আগে থেকেই এর প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্ক ও পারিবারিক অশান্তি থেকে জন্ম নেওয়া এই হত্যাকাণ্ড ফের একবার প্রশ্ন তুলেছে কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে সম্পর্কের টানাপোড়েন।







