লোকসভা ভোটের আগে এই জয় এলাকার কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করবে বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বর। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা্ কেন্দ্র এলাকার একটি সমবায় নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয়ী হল তৃণমূল।
বৃহস্পতিবার তমলুকের ধলহরা খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ফল প্রকাশ হওয়ার পর মোট আসন ৪৬ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র ১০টি আসন এবং বাকি ৩৬টি আসনে জিতেছে তৃনমূল কংগ্রেস। জয়ের আনন্দে সবুজ আবিরে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকেরা।
গত বুধবার বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধর্মতলার সভা থেকে ‘পরিবর্তনের’ ডাক দিয়েছিলেন। বিজেপি সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলাতেই বাড়ি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই জেলা থেকেই বিপুল সংখ্যক মানুষ গিয়েছিলেন ধর্মতলায় অমিত শাহের সভায়। সামনেই লোকসভা নির্বাচন। আর এই আবহে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সমবায় নির্বাচনে শাসকদলের এই জয় যথেষ্ট তাত্পর্যপূর্ণ।
এই নিয়ে বিজেপি নেতৃত্বদের দাবি, ” আমরা এই বিষয়টি গুরুত্ব দিতে চাই না। সমবায় নির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তাছাড়া সংশ্লিষ্ট সমবায়ে এবারেই প্রথম পদ্ম শিবির প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাই আমাদের সাথে যদি মানুষের সমর্থন না থাকত তাহলে এই ১০ টি আসনেও জয় সম্ভব হত না।”







