গঙ্গাসাগর থেকেই SIR নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মুখ্যমন্ত্রীর বার্তার পরেই শীর্ষ আদালতে তৃণমূল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের। বাংলায় এসআইআরের সময়সীমা বাড়ানো হোক বলে , আদালতে আবেদন জানিয়েছেন তিনি। SIR প্রক্রিয়ায় কমিশনের বিরুদ্ধে একাধিক ভুলের অভিযোগ করেছেন তিনি।
ডেরেকের যে মামলাদায়ের করেছেন , তাতে তিনি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুলেছেন একাধিক অভিযোগ ।ডেরেক ও ব্রায়েনের দাবি, এই SIR প্রক্রিয়ায় পদ্ধতিগত দিক থেকে একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে।ডেরেকের অভিযোগ, বুথ লেভেল অফিসার ও অন্যান্য অফিসারদের হোয়াটসঅ্যাপের মতো ‘অনানুষ্ঠানিক চ্যানেলে’র মাধ্যমেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । ডেরেকের মতে এর ফলে নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকারে আঘাত লেগেছে।
সুপ্রিম কোর্টে তিনি আরো অভিযোগ করেন ,খসড়া তালিকা থেকে অবৈধভাবে বাদ পড়েছেন ৫৮ লক্ষ ভোটার । কোনও শুনানি ছাড়াই বাদ গিয়েছে অনেকের নাম । উল্লেখ্য, কমিশন বুথওয়ারি মৃত, স্থানান্তরিত, ভুয়ো ভোটারের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকাতেও ‘জল’ রয়েছে বলে দাবি করেছে তৃণমূল।







