গড়ফা থানা এলাকার আনোয়ার শাহ কানেক্টর সংলগ্ন জনপ্রিয় বাজারের উল্টো দিকে এবং শীতলা মন্দিরের পাশে মন্ডল ব্রিজের আশপাশের অঞ্চলে রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হল একুশে জুলাই-এর পোস্টার। ছেঁড়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও—এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের।
তৃণমূল কর্মীদের দাবি, পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি এবং সিপিএম। ইতিমধ্যেই গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। থানায় জমা দেওয়া হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজও।
কাউন্সিলর বলেন, “একুশে জুলাই আমাদের শহীদের প্রতি শ্রদ্ধার দিন। সেই দিনের পোস্টার ছিঁড়ে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করা শুধু রাজনৈতিক নয়, মানসিকতাও স্পষ্ট করে দেয়। আমরা এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা চাই।”
এই ঘটনার পর গড়ফা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলেই খবর।







