খেলাধুলা

রোহিত–কোহলিদের ধাক্কা, শামি বাদ! বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় রদবদল

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে চমক দিল বিসিসিআই। সেই তালিকায় সবচেয়ে বড় ধাক্কা খেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। এ+ বিভাগ সম্পূর্ণ তুলে দেওয়ায় এক লাফে ‘বি’ গ্রেডে নামতে হল দুই মহাতারকাকেই। এর জেরে বছরে প্রায় ৪ কোটি টাকা করে বেতন কমছে তাঁদের।

আগে এ+ বিভাগে থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা বছরে ৭ কোটি টাকা করে পেতেন। নতুন চুক্তিতে সেই বিভাগই বাতিল। অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর নতুন চুক্তিতে এখন সর্বোচ্চ গ্রেড ‘এ’। ফলে ‘বি’ গ্রেডে নামায় রোহিত ও কোহলি পাবেন বছরে ৩ কোটি টাকা করে।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র ওয়ানডে খেলার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। রোহিত ও কোহলি দু’জনেই ইতিমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। সেই কারণেই তাঁদের অবনমন। গ্রেড ‘এ’-তে রাখা হয়েছে শুভমান গিল, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাকে। শুভমান বর্তমানে দুই ফরম্যাটের অধিনায়ক হওয়ায় তাঁর গুরুত্ব আরও বেড়েছে।

সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত—কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়লেন মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভাল পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে সুযোগ না পাওয়া এই পেসারের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকেই কার্যত ব্রাত্য। এবার বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়ে সেই ‘বঞ্চনা’র সিলমোহর।

মোট ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। বাংলার একমাত্র প্রতিনিধি আকাশ দীপ, যিনি রয়েছেন ‘সি’ গ্রেডে। একই গ্রেডে রাখা হয়েছে অক্ষর প্যাটেল, তিলক বর্মা, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংদের।

মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতেও চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বোর্ড। গ্রেড ‘এ’-তে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। বাংলার রিচা ঘোষ জায়গা পেয়েছেন ‘বি’ গ্রেডে।

উল্লেখ্য, কেন্দ্রীয় চুক্তিতে এই রদবদলের ইঙ্গিত আগেই দিয়েছিল সংবাদ প্রতিদিন। এবার তা বাস্তবায়িত করল বিসিসিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.