বলিউডের গ্লোবাল আইকন দীপিকা পাড়ুকোন আবারও শিরোনামে। মেয়ে দুয়াকে মুম্বইতে রেখে তিনি উড়ে গিয়েছেন প্যারিসে, যেখানে বর্তমানে ফ্যাশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর লুই ভিত্তোঁ অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এ বারই প্রথম কোনো ভারতীয় হিসেবে এই আন্তর্জাতিক পুরস্কারের জুরি সদস্য নির্বাচিত হয়ে দীপিকা ইতিহাস রচনা করলেন।
নিজের এই গর্বের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দীপিকা শেয়ার করেছেন বিশেষ ফটোশুট। ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া ছবিগুলোতে দেখা যায় তাঁকে বাদামি সিল্ক শার্ট ও ফ্রিঞ্জ মিনি স্কার্টে। সোনালি কানের দুল, হাই হিল আর কালো হ্যান্ডব্যাগে সাজিয়ে তুলেছেন নিজের লুককে। তাঁর এই আভিজাত্যপূর্ণ উপস্থিতি দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। দীপিকার পোস্ট করা ক্যাপশনও যথেষ্ট তাৎপর্যপূর্ণ,”অভিনন্দন সকল বিজয়ীকে। সারা দুনিয়া এই জাদু দেখুক, সেই মুহূর্তের অপেক্ষায়।” এই পোস্টেই ভালোবাসা জানাতে ভোলেননি স্বামী রণবীর সিং। স্ত্রীকে সম্বোধন করে তিনি লিখেছেন,”হট মাম্মা।” তাঁদের অনুরাগীরা রণবীরের এই সরল অথচ মিষ্টি বার্তায় খুশি হয়েছেন। শুধু রণবীর নন, বলিউডের একাধিক তারকাও দীপিকার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, ক্যারিয়ারের পরবর্তী ধাপেও রয়েছে বড়ো চমক। জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে পরিচালক অ্যাটলির নতুন ছবিতে দেখা যাবে দীপিকাকে। নভেম্বর থেকেই শুরু হবে এই বহু প্রতীক্ষিত ছবির শুটিং। ফলে অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে তাঁর সাফল্য যেন নতুন করে প্রমাণ করছে, দীপিকা আজ শুধু ভারতের নয়, বিশ্বেরই এক অন্যতম প্রভাবশালী তারকা। প্যারিসের ফ্যাশন মঞ্চে দীপিকার এই অর্জন শুধু তাঁর ক্যারিয়ারের নয়, বরং ভারতীয় সিনেমারও এক গর্বের মুহূর্ত। পরিবার, কাজ ও গ্লোবাল দায়িত্বকে একসঙ্গে সামলে তিনি আজ সত্যিই হয়ে উঠেছেন আধুনিক নারীর এক অনুপ্রেরণা।






