দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছে ভারত। কিন্তু কাপ জয়ের আনন্দের মাঝেই শুরু হয়েছে নয়া রাজনৈতিক তরজা। বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে এখনও দলের তরফে আনুষ্ঠানিক অভিনন্দন না আসায় সরব বিজেপি। রাহুল গান্ধীকে নিশানা করে কটাক্ষ, “কংগ্রেস আসলে পাকিস্তানের ‘বি-টিম’।’’
সোমবার বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলেন, “রাহুল গান্ধী নাকি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সেরা বন্ধু। তাই ভারতের জয়ও ওঁরা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দেখছেন। পাকিস্তানকে মাঠে হারালেও রাহুল এখনও ভারতীয় দলকে অভিনন্দন জানাননি।” আরও যোগ করেন, “অপারেশন সিঁদুরের সময় যেমন পাকিস্তানের পাশে ছিল কংগ্রেস, এ বারও তাই।’’
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও কটাক্ষ করেন, “ভারতের ঐতিহাসিক জয়ের পরও কংগ্রেসের একটি টুইটও নেই। মনে হচ্ছে, ওরা পাকিস্তানের কাছ থেকে অনুমতির অপেক্ষায় আছে।”
রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবার এশিয়া কাপ জেতে ভারত। পাকিস্তান মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায়। ম্যাচের আগেই পাক ক্রিকেটারদের উস্কানিমূলক অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সুপার ফোরে হারিস রউফ ভারতীয় সমর্থকদের দিকে ‘প্লেন ডাউন’ ভঙ্গি করেন। ফাইনালে জসপ্রীত বুমরা সেই ভঙ্গিতেই পাল্টা দেন।
তবে কাপ জয়ের পরও নতুন বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা পাক মন্ত্রী মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন রোহিত শর্মারা। ক্ষুব্ধ নকভি ট্রফি ও মেডেল নিয়ে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান।
বিরোধীরা অবশ্য ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে দাবি করছে। কংগ্রেস শিবিরের বক্তব্য, “খেলতে কোনও অসুবিধে হয়নি। কিন্তু ট্রফি নিতে আপত্তি কেন? আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”
অর্থাৎ, মাঠে পাকিস্তানকে হারিয়ে কাপ জিতলেও, রাজনীতির ময়দানে ফের শুরু হল ভারত বনাম ভারত লড়াই।






