কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর যে প্রাণঘাতী হামলা হয়েছে, এবং সেই ঘটনায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ-র উপস্থিতিতে তৃণমূলের ‘গুন্ডাবাহিনী’ যুক্ত বলে বিজেপির অভিযোগ, তারই প্রতিবাদে সোমবার উত্তাল হয়ে ওঠে কলকাতার মানিকতলা।
উত্তর কলকাতার বিজেপি জেলা কমিটির নেতৃত্বে মানিকতলা ব্লাড ব্যাংকের সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে কর্মীরা। বেশ কিছু সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।
উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমঘ্ন ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপি চুপ করে বসে থাকবে না। মারের বদলে এবার পাল্টা মার হবে। রাজ্যের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। শুভেন্দু অধিকারীর উপর হামলা আসলে গণতন্ত্রের উপর আঘাত।”
তিনি আরও জানান, এই প্রতিবাদ শুধু এখানেই থেমে থাকবে না। আগামী দিনে প্রতিটি ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, থানা ঘেরাও, অবরোধ করে এই প্রতিবাদ আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে।
প্রসঙ্গত, কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশি গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে বিজেপি।
এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে। আগামী দিনে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলেই মত পর্যবেক্ষকদের।







