জগদ্দলের আকাশ ফের কেঁপে উঠল বোমা আর গুলির শব্দে। ফেব্রুয়ারির পর আবারও প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল ভয়াবহ বোমাবাজি ও গুলিচালনার ঘটনা। মাঝরাত সাড়ে ১২টা নাগাদ মেঘনা মোড় এলাকায় হঠাৎ করেই দুষ্কৃতীদের হামলায় আতঙ্ক ছড়ায় গোটা অঞ্চল জুড়ে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।
অর্জুন সিংয়ের অভিযোগ, পুজোমণ্ডপে দুই দলের মধ্যে গালিগালাজ থেকে বচসা বাঁধে। সেখানেই মোতায়েন ছিল বেশ কিছু পুলিশকর্মী। তাঁদের সরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই শুরু হয় বোমাবাজি। প্রাক্তন সাংসদের দাবি, “হঠাৎ বাইরে তুমুল চিৎকার শুনতে পাই। দেখি, পাশের নির্মীয়মান মন্দিরের দেওয়ালের ওপার থেকে দুষ্কৃতীরা বোমা ছুড়ছে, গুলি চালাচ্ছে। পুলিশকেও পালাতে দেখি।”
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হন অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জয় সিংও। অভিযোগ, তাঁর গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ইট-পাটকেল ছুড়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশবাহিনী। এলাকায় নামানো হয় র্যাফও। রাতভর চলে তল্লাশি ও টহল। তবে কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা নিয়ে এখনও কিছু স্পষ্ট করেনি পুলিশ। বিজেপি নেতা অবশ্য দাবি করেছেন, “সবটাই পূর্বপরিকল্পিত ছিল। পাল্টা গুলি চললে বড়সড় প্রাণহানি হতে পারত।”
ফের একবার বোমা-গুলির তাণ্ডবে থরথর করছে জগদ্দল।







