দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর মালিকানা বদল নিয়ে শুরু হয়েছিল জল্পনা। যদিও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সেই সময় বিক্রির খবর অস্বীকার করেছিল, তবে এবার সেই আলোচনায় নতুন করে ইন্ধন জোগালেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি দাবি করেছেন যে, আরসিবির বর্তমান কর্ণধার ডিয়াজিও কোম্পানিটি অবশেষে দলটিকে তাদের ব্যালেন্স শিট থেকে সরিয়ে ফেলার এবং বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। মোদীর এই মন্তব্যের পরই ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে।
জানা যাচ্ছে, ডিয়াজিও নাকি ২০২৬ সালের আইপিএল-এর আগে এই বিক্রি সম্পন্ন করতে চায় এবং দলটির জন্য প্রায় ১৭ হাজার ৭৫৩ কোটি টাকার মতো একটি মূল্য ধার্য করেছে। ললিত মোদী মনে করেন, গত মরশুমে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ফ্যান বেস এবং বাজার মূল্য—উভয়ই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফলে এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা আরসিবি কেনার এমন সুযোগ আর পাবেন না। তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে, একটি বড় গ্লোবাল ফান্ড এই আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করতে আগ্রহী। বিজয় মাল্যার হাত ধরে শুরু হওয়া এবং বর্তমানে বিরাট কোহলির মতো তারকার মুখ থাকা আরসিবি, একমাত্র একবার ট্রফি জিতেও সবচেয়ে জনপ্রিয় ও মূল্যবান ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম। মোদীর দাবি সত্যি হলে, আরসিবি’র এই বিক্রি রেকর্ড দামে সম্পন্ন হতে পারে।







