রাজ্য

চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা, ধসে পড়ল ধাতব কাঠামো — মৃত ৯, গুরুতর আহত একাধিক

চেন্নাই: নিমেষেই বিপর্যয়। চেন্নাইয়ের এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণস্থলে ধসে পড়ল বিশাল ধাতব কাঠামো। ৩০ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়া খিলান চাপা দিল বহু শ্রমিককে। প্রাথমিকভাবে ৯ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জনেরও বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বিকট শব্দ শুনে শ্রমিকরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। ততক্ষণে ভেঙে পড়া কাঠামোর নীচে চাপা পড়ে বহু শ্রমিক। উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন। ধ্বংসস্তূপ সরাতে মোতায়েন করা হয় জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দল।

কী জানাচ্ছে প্রশাসন
চেন্নাই পুলিশ কমিশনারেট জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্ট্যানলি হাসপাতালে। আহতদের সেখানেই ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজনকে ICU-তে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার সময় ৩,৭০০ শ্রমিক কর্মরত ছিলেন
তামিলনাড়ু বিদ্যুৎ বোর্ডের (TNEB) সচিব ডঃ জে. রাধাকৃষ্ণণ জানিয়েছেন, ওই সময় প্রায় ৩,৭০০ জন শ্রমিক কাজ করছিলেন প্রকল্পে। মৃত ও আহতদের সবাই অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী মোদির শোকপ্রকাশ ও ক্ষতিপূরণ ঘোষণা
এই মর্মান্তিক দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, “এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
একই সঙ্গে নিহত শ্রমিকদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্র
উত্তর চেন্নাইয়ে অবস্থিত কয়লাচালিত এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। এটি বর্তমানে TANGEDCO-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। কেন্দ্রটির সম্প্রসারণ কাজ চলছিল, যা ২০২৬ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা। সেই কাজ চলাকালীনই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.