আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বটে, কিন্তু মেজাজ যে আজও অশ্বিনের নিয়ন্ত্রণে নেই, তা আরও একবার প্রমাণ হয়ে গেল তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল)। দিন্দিগুল ড্রাগনসের অধিনায়ক হিসেবে মাঠে নেমে আউট হওয়ার পর এক মহিলা আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন তিনি। রাগে নিজের প্যাডেই সজোরে ব্যাটের বাড়ি মারলেন। সৌজন্যতা এবং আত্মনিয়ন্ত্রণ—এই দুটো দিকেই ফের প্রশ্ন উঠে গেল অশ্বিনের আচরণ ঘিরে।
চলতি মৌসুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ কাঁপিয়ে এ বার তামিলনাড়ুর ঘরোয়া লিগে দিন্দিগুলের নেতৃত্বে দেখা গেল অশ্বিনকে। তিরুপ্পুর তামিঝানসের বিরুদ্ধে ম্যাচে ওপেন করতে নেমে ১১ বলে ১৮ রান করে এলবিডব্লিউ হন সাই কিশোরের বলে। বলটি খালি চোখে স্টাম্পের বাইরে পড়েছে বলেই মনে হয়েছিল, কিন্তু রিভিউ না থাকায় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারেননি অশ্বিন।
আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। মাঠেই মহিলা আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। বোঝানোর বহু চেষ্টা করলেও আম্পায়ার নিজের সিদ্ধান্তে অটল থাকেন। ক্রুদ্ধ অশ্বিন ফেরার সময় নিজের গায়েই ব্যাটের বাড়ি মারেন, যা ক্রিকেটপ্রেমীদের চোখে অশোভন এক মুহূর্ত।
শুধু ব্যাটেই নয়, বল হাতেও ব্যর্থ অশ্বিন। ২ ওভারে ২৮ রান দিয়ে কোনও উইকেট না নিয়ে দিনটা ভুলেই যেতে চাইবেন তিনি। তার দল ৯৩ রানে গুটিয়ে যায় ও সহজেই ম্যাচ জিতে নেয় তিরুপ্পুর।







