ক্রিকেটে সবই সম্ভব—এই আপ্তবাক্য আবারও সত্যি প্রমাণ করল ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি লিগ। যেখানে রিচমন্ড সিসি নামক একটি দল মাত্র ২ রানে অল আউট হয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল—লজ্জার ইতিহাসে। এমন ঘটনা কল্পনাতীত হলেও বাস্তবে ঘটেছে গত ২৪ মে, নর্থ লন্ডন সিসি-র বিরুদ্ধে এক লিগ ম্যাচে। ২০০ বছরের পুরনো রেকর্ড ভেঙে রিচমন্ড ক্রিকেটে গড়ল এক অভাবনীয় পরাজয়ের নজির।
ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৬ উইকেটে ৪২৬ রানের বিশাল স্কোর গড়ে নর্থ লন্ডন সিসি। দলের হয়ে ড্যান সিমন্স একাই করেন ১৪০ রান। লক্ষ্যমাত্রা বিশাল হলেও, রিচমন্ডের এমন আত্মসমর্পণ কেউ কল্পনাও করেনি। মাত্র ৫.৪ ওভারেই অল আউট হয়ে যায় গোটা দল। আট ব্যাটার শূন্য রানে ফিরেছেন, মাত্র দু’জন করতে পেরেছেন এক রান করে।
এই ফলাফলের মাধ্যমে রিচমন্ড ভেঙে দেয় ১৮১০ সালে ‘দ্য বিস’ দলের ৬ রানের লজ্জাজনক রেকর্ড। এমনকি ১৮৭৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ১২ রানে অল আউট হওয়ার ঘটনাকেও পিছনে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিম্বাবোয়ের গুটিয়ে যাওয়ার ঘটনাও হার মানে এই ব্যর্থতার কাছে।
ক্রিকেট যে আসলে অনিশ্চয়তার খেলা—রিচমন্ডের এই পরাজয় যেন তারই চূড়ান্ত প্রমাণ। জয়-পরাজয় ছাপিয়ে এই ম্যাচ জায়গা করে নিল ক্রিকেট ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়ে।







