দেশ

হরমুজে পরিস্থিতি স্বাভাবিক, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে ১৭৪ টাকা দাম কমল, স্বস্তিতে ব্যবসায়ীরা

হরমুজ প্রণালীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি বাজারেও। ১ জুলাই থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে কলকাতায় একটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ৩০৮১.৫০ টাকা। তবে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় সেই সিলিন্ডারের দাম আগের মতোই ৯৬৮ টাকা রয়েছে।

গত কয়েক মাসে আমেরিকা, ইজরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল। আন্তর্জাতিক বাজারে এলপিজি সরবরাহে সংকট তৈরি হওয়ায় ভারতীয় তেল বিপণন সংস্থাগুলির আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তারই প্রভাব পড়ে দেশের বাজারে। একসময় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২ হাজার টাকার নিচে থাকলেও, তা বেড়ে ৩২৫৫.৫০ টাকায় পৌঁছায়।

সম্প্রতি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া এবং এলপিজি সরবরাহের উন্নতির ফলে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, আমদানি স্বাভাবিক হওয়ার পাশাপাশি দেশীয় উৎপাদনও বেড়েছে। ফলে বাণিজ্যিক এলপিজি সরবরাহের উপর থাকা সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

বাণিজ্যিক গ্যাসের দাম কমায় হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং এবং খাবারের দোকানগুলির পরিচালন ব্যয় কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। যদিও এই দাম কমার সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছাবে কি না, অর্থাৎ খাবারের দাম কমানো হবে কি না, তা এখন ব্যবসায়ীদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.