রাজ্যজুড়ে এখনও সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তার জেরেই আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগের তুলনায় দুর্যোগ কিছুটা কমলেও বৃষ্টির সম্ভাবনা এখনও জারি রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবেই বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেখানে দমকা হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলার জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও অন্যান্য জেলায় বৃষ্টির পরিস্থিতি বিশেষ বদলাবে না। তবে শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গেও বুধবার অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে আপাতত রাজ্যের কোথাওই বর্ষার দাপট থেকে পুরোপুরি স্বস্তি মিলছে না।







