আরসিবির জয়ের আনন্দ এক মুহূর্তে কেড়ে নিল ১১টি তাজা প্রাণ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে কোহলিদের বিজয়োৎসব দেখতে জড়ো হয়েছিলেন কয়েক লক্ষ সমর্থক। সেই আনন্দই শেষ পর্যন্ত হয়ে উঠল বিভীষিকাময়। অতিরিক্ত ভিড়, ছোট দরজা, আর অপ্রস্তুত নিরাপত্তা—সব মিলিয়ে ঘটে গেল ভয়ঙ্কর পদপিষ্টের ঘটনা।
মারা গেছেন ১৩ বছরের এক নাবালিকা সহ ১১ জন। তাঁদের মধ্যে তিনজন উনিশের নিচে, ছ’জন কুড়ির কোঠায়, দু’জন তিরিশের উপরে। মৃতদের নাম—ডোরেশা, ভূমিকা, সাহানা, অক্ষতা, মনোজ, শ্রাবণ, দেবী, শিবলিঙ্গ, চিন্ময়ী, প্রজ্জ্বল—এদের মধ্যে অনেকেই বেঙ্গালুরুর বাসিন্দা। কয়েকজন এসেছিলেন পাশের জেলা থেকে। সবাই এসেছিলেন খুশি নিয়ে, ফিরলেন না—ফিরল নিথর দেহ।
বৃহস্পতিবার ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। কর্ণাটক হাইকোর্ট ইতিমধ্যেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। বেঙ্গালুরু থানায় দায়ের হয়েছে ১১টি এফআইআর, তবে কোনও অভিযুক্তের নাম নেই।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, স্টেডিয়ামের ধারণক্ষমতা ছিল ৩৩ হাজার, অথচ প্রবেশের চেষ্টা করছিল ২-৩ লক্ষ মানুষ। ভিড়ের চাপে ভেঙে যায় স্টেডিয়ামের দরজা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
শোকস্তব্ধ আরসিবি ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন মিলিতভাবে পরিবারপিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা বিজয়োৎসবের ভিডিওও সরিয়ে নিয়েছে তারা।
একটা বিজয়ের দাম এতটা মর্মান্তিক হবে—কেউ ভাবেনি। প্রশ্ন উঠছে প্রশাসনের অযোগ্যতা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে। আনন্দে গিয়েছিল যারা, তারা ফিরল না—ফিরল শুধুই শোক আর হতাশা।







