দিল্লির ঘূর্ণি পিচে তৃতীয় দিন শেষে টেস্টের রঙ বদলে দিল ওয়েস্ট ইন্ডিজ। ফলো অন খাওয়ার পরও বুক চিতিয়ে লড়াই করছে রস্টন চেজের দল। ওপেনার জন ক্যাম্পবেল ও শাই হোপের অনবদ্য জুটিতে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে ক্যারিবিয়ানরা। ২ উইকেটে ১৭৩ রানে পৌঁছে ভারতীয় বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা। এখনও ৯৭ রানে পিছিয়ে থাকলেও প্রতিরোধের মঞ্চ তৈরি করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে যশস্বী জয়সওয়াল (১৭৫) ও অধিনায়ক শুভমান গিলের (১২৯*) সেঞ্চুরিতে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে কুলদীপ যাদবের ৫ উইকেটে বিধ্বস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ, অলআউট ২৪৮ রানে। ২৭০ রানে পিছিয়ে থেকেই ফলো অনে ব্যাট করতে নামে তারা। দ্বিতীয় ইনিংসেও শুরুটা ছিল বিপর্যস্ত—৮.৩ ওভারে চন্দ্রপল ও অ্যাথানাজের উইকেট হারিয়ে চাপ বাড়ে ক্যারিবিয়ানদের উপর।
কিন্তু ক্যাম্পবেল (৮৭*) ও হোপ (৬৬*) দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যান। ভারতীয় স্পিন ত্রয়ী জাদেজা, কুলদীপ ও ওয়াশিংটন সুন্দরকে নিখুঁতভাবে সামলে দেন তাঁরা। মারার বলকে আক্রমণ করে, বাকি সময় বল ছেড়ে ম্যাচ বাঁচানোর দিকেই মনোনিবেশ দুই ব্যাটারের। তাঁদের ১৩৮ রানের জুটিই এখন ওয়েস্ট ইন্ডিজের আশার আলো।
তবে ভারত শিবিরে কিছুটা উদ্বেগের সুর। চতুর্থ দিনের সকালেই যদি দ্রুত উইকেট না আসে, তাহলে ইনিংসে জয়ের স্বপ্ন হাতছাড়া হতে পারে শুভমান গিলদের। দিল্লির পিচে এখন সবকিছু নির্ভর করছে কুলদীপ-জাদেজাদের স্পিন জাদুর উপর।







