ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের শুরুতেই প্রবল সংকটের মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারকা পেসার প্যাট কামিন্স, অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন-এর চোটের পর এবার উইকেটরক্ষক-ব্যাটার জশ ইনগ্লিস ও কাফ মাসলের চোটের কারণে প্রথম দুটি ওয়ানডে থেকে ছিটকে গেছেন। ইনগ্লিসের এই চোট নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেই ছিল, যা এখনও সম্পূর্ণ সারেনি। অন্যদিকে, দলের গুরুত্বপূর্ণ স্পিন অস্ত্র অ্যাডাম জাম্পাও চোট না থাকা সত্ত্বেও পারিবারিক কারণে প্রথম ওয়ানডেতে থাকতে পারছেন না। এই একাধিক অনুপস্থিতি অস্ট্রেলিয়ার স্কোয়াডকে দুর্বল করে দিয়েছে এবং টিম ম্যানেজমেন্টকে গভীর চিন্তায় ফেলেছে।
অস্ট্রেলিয়া দলের এই মুহূর্তে সবচেয়ে বড় মাথাব্যথা উইকেটরক্ষক নিয়ে। প্রথম পছন্দের উইকেটরক্ষক অ্যালেক্স কেরি অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য বর্তমানে শেফিল্ড শিল্ডের ম্যাচে ব্যস্ত। ইনগ্লিসও চোট পাওয়ায়, বাধ্য হয়ে নির্বাচকরা জশ ফিলিপেকে দলে অন্তর্ভুক্ত করেছেন। তাঁর ওয়ানডে রেকর্ড খুব একটা উজ্জ্বল নয় ,তিনটি ম্যাচে মাত্র ৬৫ রান। তবুও এই পরিস্থিতিতে ফিলিপেই ভরসা। শেষবার ২০২১ সালে ওডিআই খেলা এই ক্রিকেটার, চার বছর পর আবারও আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তনের অপ্রত্যাশিত সুযোগ পাচ্ছেন। সম্প্রতি ম্যাক্সওয়েলের বদলি হিসেবে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পেলেও মাঠে নামার সুযোগ পাননি। এই নতুন স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়া দল শক্তিশালী ভারতের বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়তে পারে, সেটাই দেখার বিষয়।







