নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: রাতের অন্ধকারে ফের গরু পাচারের চেষ্টা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় হলদিবাড়ি থানার পুলিশ। কিন্তু পাচারকারীদের হাতে আক্রান্ত হতে হল পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের। এক নৌকার মাঝিকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের হলদিবাড়ি ব্লকের বক্সীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিবিগঞ্জ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে হলদিবাড়ি থানার অন্তর্গত তিস্তা নদীর উন্মুক্ত সীমান্ত এলাকায় কয়েকজন ভারতীয় ও বাংলাদেশি নাগরিক জড়ো হয়েছিল। তাঁদের লক্ষ্য ছিল বাংলাদেশে গরু পাচার করা। সেই খবর পেয়ে যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছান থানার পুলিশকর্মীরা। কিন্তু পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ পৌঁছাতেই পাচারকারীরা তাঁদের ঘিরে ধরে। চলে ধস্তাধস্তি ও মারধর। একাধিক পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার আহত হন বলে জানা গিয়েছে। পাশাপাশি, আক্রান্ত হন স্থানীয় মাঝি গৌরাঙ্গ দাস। তিনি জানান, “একজন সিভিক ভলান্টিয়ার এসে বলেন নদী পারাপার করে দিতে হবে। আমি পুলিশকে নদী পার করিয়ে দিই। তারপর ওরা বলে, আমাদের সঙ্গে চলো। আমি যেতেই পাচারকারীরা আমাকে চিনে ফেলে। বলে, তুই পুলিশকে নিয়ে এসেছিস—এই বলে মারধর শুরু করে।”
ঘটনার খবর পেয়ে হলদিবাড়ি থানার আইসি কাশ্যব রাইয়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। রাতেই শুরু হয় তল্লাশি অভিযান। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, “আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুষ্কৃতীদের ধরতে অভিযান চলছে। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, বিবিগঞ্জের ওই সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই গরু পাচার হয়। কারণ, ওই অংশে ভারত–বাংলাদেশ সীমান্তে এখনও পর্যন্ত কাঁটাতার নেই। সেই সুযোগ নিচ্ছে পাচারচক্র।
পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাচারচক্রের সঙ্গে স্থানীয় কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।







