Uncategorizedরাজনীতি

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে জল মাপা শুরু, “মমতাকে ক্ষমতাচ্যুত করা সহজ নয়” — মত রাষ্ট্রীয় সেবক সংঘের

কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শুরু হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া। নতুন ভোটার তালিকা তৈরির কাজ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রত্যেকটি রাজনৈতিক দলই ভোটের সমীকরণ মেলাতে জল মাপা শুরু করেছে। বিরোধী বিজেপি একের পর এক কর্মসূচি নিয়ে মাঠে নামছে, দাবি করছে — “আগামী বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরা সম্ভব নয়”। তবে এই অবস্থায় অন্য সুর শোনা গেল রাষ্ট্রীয় সেবক সংঘের (RSS) শিবির থেকে।

শনিবার উত্তর কলকাতার এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের শেষে আলাপচারিতায় সংঘের এক কর্তা বলেন, “আজকের তারিখে যদি আগামী বছরের নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করা হয়, তাহলে বলা যায় — রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা সহজ নয়। হঠাৎ পালাবদলের পরিস্থিতি তৈরি হলেও বাস্তবে সেটি কার্যকর করা খুব কঠিন কাজ।”

সংঘের ওই কর্তা আরও জানান, নির্বাচন এখনও অনেক দূরে, সময়ের সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তবে সংগঠনের দিক থেকে আরএসএস আজ রাজ্যে যেভাবে মজবুত, তা বাম আমলেও দেখা যায়নি। বিশেষ করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং প্রভৃতি জেলায় হিন্দু ভোট সংগঠিত করতে সংঘ সফল হয়েছে।

দক্ষিণবঙ্গেও সীমান্তবর্তী জেলা— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও ঝাড়গ্রাম — এসব এলাকায় সংগঠনের প্রভাব বাড়ছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “গোটা রাজ্যের ২৯৪ আসনের মধ্যে অন্তত ১৪৯টি আসনে যদি সংঘ পূর্ণ ক্ষমতা পায় এবং প্রার্থী নির্ধারণে মত দিতে পারে, তাহলে সেগুলোতে জয় নিশ্চিত করা সম্ভব।”

তবে সমস্যা অন্যত্র। সংঘের বক্তব্য অনুযায়ী, উত্তরবঙ্গে তারা সংগঠন মজবুত করলেও দক্ষিণবঙ্গে বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণে একাধিক জেলায় পুরোপুরি দখল নেওয়া সম্ভব হয়নি। এক কর্তার দাবি, “যতক্ষণ না রাজ্যে সংঘের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, ততক্ষণ পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। বিজেপি বা সংঘ — একজনের মতই শেষ কথা হতে হবে।”

তিনি আরও বলেন, “বিজেপি নেতৃত্ব অনেক সময় যে আসনে নিজেদের জয়ের আশা কম, সেগুলো সংঘকে সামলানোর অনুরোধ জানায়। কিন্তু এটি সম্ভব নয়। বঙ্গ বিজেপিকে সংগঠনের নির্দেশ মানতে হবে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সংঘের মতই শেষ কথা হওয়া উচিত। না হলে দায়িত্ব নেবে না সংঘ।”

সংঘ সূত্রের বক্তব্য, মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশের মতো রাজ্যে সংগঠন এবং বিজেপির মধ্যে স্পষ্ট সমন্বয় রয়েছে, কিন্তু বাংলায় সেই সেতুবন্ধ এখনো সম্পূর্ণ হয়নি। ফলে ২০২৬ সালে ক্ষমতার পালাবদল ঘটানো “খুব কঠিন কাজ” বলেই মনে করছে রাষ্ট্রীয় সেবক সংঘ।

সংঘের এক জ্যেষ্ঠ প্রবোক্তা বলেন, “মঞ্চে বক্তৃতা দিয়ে হাততালি পাওয়া এক জিনিস, কিন্তু ভোটের বাক্সে ফলাফল এনে দেওয়া একেবারে অন্য ব্যাপার। পরিবর্তনের ডাক দেওয়া সহজ, কিন্তু ভোট মেশিনে সেই পরিবর্তন আনতে গেলে সাংগঠনিক দক্ষতা, গণসংযোগ এবং সামাজিক সমীকরণের সঠিক প্রয়োগ অপরিহার্য। না হলে হাততালি মিলবে, কুর্শি নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.