পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক নির্ভরতা কমাতে এবার সরাসরি আমেরিকার সঙ্গে বড় চুক্তি স্বাক্ষর করল ভারত। এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী। সোমবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানান, ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ডোনাল্ড ট্রাম্পের দেশের সঙ্গে এক বছরের জন্য একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
এই এক বছরের চুক্তির মূল লক্ষ্য হলো, ২০২৬ সালে আমেরিকা থেকে মোট ২২ লক্ষ টন এলপিজি ভারতে নিয়ে আসা। পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, এটি ভারতের বার্ষিক গ্যাস আমদানির প্রায় ১০ শতাংশ। এই গ্যাস সরবরাহ করা হবে মূলত আমেরিকার উপসাগরীয় অঞ্চল যেমন টেক্সাস, মিসিসিপি, আলাবামা বা ফ্লরিডার মতো উপকূলীয় এলাকাগুলো থেকে। মন্ত্রীর কথায়, দেশের মানুষের জন্য সুলভে গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী ভারতকে এলপিজি-র এক ‘বৃহৎ এবং দ্রুত বর্ধনশীল বাজার’ হিসাবে উল্লেখ করেন এবং বলেন যে এই প্রথমবার আমেরিকার জন্য এই বাজার উন্মুক্ত হলো। তিনি আরও উল্লেখ করেন যে আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দাম ৬০ শতাংশ বাড়লেও, ভারত সরকার একাধিক দেশ থেকে আমদানির কৌশল নিয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। মন্ত্রী আশ্বস্ত করেছেন যে গ্যাস সিলিন্ডারের দাম ১১০০ টাকা ছাড়ালেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা সিলিন্ডার পাবেন মাত্র ৫০০-৫৫০ টাকা মূল্যে।







