আবহাওয়া

নভেম্বরে ফিরল উষ্ণতার আনাগোনা! দক্ষিণবঙ্গের শীতে ধাক্কা নতুন নিম্নচাপের, কী বলছে হাওয়া অফিস

নভেম্বর মাঝামাঝি পেরিয়েও রাজ্যে শীতের দাপট নেই বললেই চলে। সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা দ্রুত চড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে শীতের আগমন এখন বাধাগ্রস্ত। ভোরের হালকা শিরশিরে ঠান্ডা ছাড়া সারাদিনই আবহাওয়া তুলনায় উষ্ণ।

গত সপ্তাহে শহর ও জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। সেই তুলনায় এবার পারদ অনেকটাই ওপরে। অগ্রহায়ণের শুরুতেই দক্ষিণবঙ্গের শীত যেন উধাও! আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর–দক্ষিণ রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি বাড়বে। দিনের বেলাতেও স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। কুয়াশার দাপট সকালে থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে বঙ্গোপসাগরের পূবালী হাওয়া অন্তত ন’দিন দক্ষিণবঙ্গে প্রভাব বজায় রাখবে। তার জেরে শীতের গতি আরও কমতে চলেছে। দিন ও রাতের পারদ ওঠানামা করলেও নভেম্বর মাসে আর তেমন জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

নতুন নিম্নচাপ–ঘূর্ণাবর্তে বদলাবে আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা আরও সুস্পষ্ট হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় রূপ নেবে গভীর নিম্নচাপে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলির দাবি—এই সিস্টেমটি ২৬ নভেম্বরের মধ্যেই মৃদু শক্তির ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৭ নভেম্বর এটি অন্ধ্র উপকূলের কলিঙ্গপত্তনমের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে।

উত্তরবঙ্গে আসছে পশ্চিমী ঝঞ্ঝা
২০–২১ নভেম্বর উত্তরবঙ্গে হানা দেবে পশ্চিমী ঝঞ্ঝা। দার্জিলিং, কালিম্পং ও সিকিমের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণাবর্তের কারণে ২৭ থেকে ৩০ নভেম্বর দক্ষিণবঙ্গের উপকূলীয় ছয় জেলায় আকাশ থাকবে মেঘলা, বাড়বে আর্দ্রতা এবং অনুভূত হবে অস্বস্তিকর গরম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.