কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজ মঙ্গলবার আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই। তবে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মৌসম ভবনের আপডেট, মঙ্গলবার দিনভর মেঘলা থাকবে শহরের আকাশ। দিনভর মাঝে মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতার নানা অংশে। সকাল থেকে এক দু’ পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কলকাতার নানা অংশে। আবহাওয়া দপ্তরের সাতসকালের আপডেট অনুযায়ী, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে বেশকিছুটা কম। অন্যদিকে মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি, তাও স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম।
বাঁকুড়া থেকে পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই বর্শমান, হাওড়া থেকে হুগলি, দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই মঙ্গলবার জারি হলুদ সতর্কতা। তবে বুধবার বৃষ্টির পরিমান কিছুটা কমার সম্ভাবনা। দুর্যোগ আরও বাড়তে পারে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতি-শুক্র দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত, ঝড়-জলের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও উত্তরবঙ্গে পরিস্থিতি কিন্তু ভিন্ন। উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আরও দিন পাঁচ ছয়েক উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।







