আবহাওয়া

শীতের বিদায়ের সুর! ফেব্রুয়ারির শুরুতেই উষ্ণতার ইঙ্গিত বাংলার আকাশে

ফেব্রুয়ারির শুরুতেই যেন বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে শীতের। রাজ্যজুড়ে এখন পারদের ধীরে ধীরে ঊর্ধ্বগতি, সকালের হালকা ঠান্ডা আর দিনের বেলায় রোদের দাপটে শীতের আমেজ অনেকটাই ফিকে। আজ, বুধবার ৪ ফেব্রুয়ারি, উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই অংশেই আবহাওয়া মোটের উপর শুষ্ক ও আরামদায়ক বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের শেষ ধাপে দাঁড়িয়ে তাপমাত্রার ওঠানামা চললেও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই আগামী কয়েকদিনে।

দক্ষিণবঙ্গে কী ছবি?
কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর—সব জেলাতেই আজ শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে এক-দু’জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা চোখে পড়লেও , বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ থেকে ৯৯৯ মিটারে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৮ থেকে ৩১ ডিগ্রিতে। দিনের বেলায় শীতের অনুভূতি কার্যত নেই বললেই চলে, তবে সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডা টের পাওয়া যাবে। আগামী ২-৩ দিন এই আবহাওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে বলেই ইঙ্গিত।

উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—সব জেলাতেই আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সমতল এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

পাহাড়ি এলাকায় এখনও শীতের দাপট তুলনামূলক বেশি। দার্জিলিং ও কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সমতলে কোচবিহার ও জলপাইগুড়িতে রাতের তাপমাত্রা ১২–১৬ ডিগ্রি এবং দিনের তাপমাত্রা ২৫–২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পাহাড়ে বৃষ্টি বা তুষারপাতের কোনও সম্ভাবনার কথাও জানায়নি আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.