আবহাওয়া

“শীত নয়, ফের বৃষ্টি! নভেম্বরেও ভিজবে বাংলা”

নভেম্বর মাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখনও রাজ্যে জাঁকিয়ে শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবারের নভেম্বর মাসও কাটবে উষ্ণ আবহাওয়ার মধ্যেই। ফলে প্রকৃত শীতের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।

আবহাওয়াবিদদের মতে, একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে রাতের তাপমাত্রা নামার পথ আটকে যাচ্ছে। হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, গত ১৫ বছরে এত উষ্ণ নভেম্বর দেখা যায়নি বাংলায়। এর আগে ২০২১-২২ সালেও অক্টোবরেই রাতের তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রিতে নেমেছিল, কিন্তু এবার গোটা অক্টোবর কেটেছে বৃষ্টিতে।

বর্তমানে দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে নিম্নচাপ। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা জারি রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্তরও বাড়ছে। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

দক্ষিণবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। সোমবার ও মঙ্গলবার আবহাওয়া কিছুটা শুষ্ক ও আকাশ পরিষ্কার থাকবে। তবে বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হবে এবং আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে। তবে শীতের আমেজ পেতে গেলে আরও কিছুটা অপেক্ষা করতেই হবে — অন্তত ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.