কলকাতা ও দক্ষিণবঙ্গে একটানা শীতের দাপটে কাঁপুনি অব্যাহত। তবে নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গেই শীতের খেলায় কিছুটা বদলের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আগামী সাতদিন দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও কুয়াশা ও তাপমাত্রার ওঠানামা নজরে আসতে পারে।
আলিপুর সূত্রে জানা গিয়েছে, আগামী তিনদিন দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার দাপট চলবে আগামী চারদিন। বিশেষ করে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কোথাও হালকা, কোথাও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
তবে এই সময় উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কাটবে। কিন্তু নতুন বছর পড়তেই, অর্থাৎ ১ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবার কুয়াশার প্রভাব বাড়তে পারে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, বিশেষ করে দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর ১ থেকে ৩ জানুয়ারির মধ্যে শহরের পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে।
আগামী তিনদিন কলকাতাতেও সকালের দিকে কুয়াশার প্রভাব বজায় থাকবে। তবে কুয়াশা থাকলেও আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।







