বিনোদন

পর্দায় প্রেম, বাস্তবে ঠান্ডা যুদ্ধ? ‘চিরদিনই তুমি যে আমার’-এর জুটি জিতু-দিতিপ্রিয়ার সম্পর্ক নিয়ে জলঘোলা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এ ‘আর্য’ ও ‘অপু’র রোমান্টিক কেমিস্ট্রিতে মজেছেন দর্শক। জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়-এর অনস্ক্রিন রসায়ন যেন মাধুর্যে ভরপুর। কিন্তু এই মিষ্টি সম্পর্ক কি কেবল পর্দার মধ্যেই সীমাবদ্ধ? টলিপাড়ার গুঞ্জন বলছে, ক্যামেরার আলো নেভার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে দৃশ্যপট।

সূত্রের দাবি, বাস্তবে নাকি একে অপরকে প্রায় এড়িয়েই চলেন জিতু ও দিতিপ্রিয়া। শুটিং ফ্লোরে মুখ দেখাদেখিও নাকি বন্ধ! যদিও শুরুতে এই প্রসঙ্গে মন্তব্য এড়িয়ে গিয়েছিলেন জিতু, এবার মুখ খুললেন দিতিপ্রিয়া। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এক পোস্টে তিনি শেয়ার করেন বেশ কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা।

দিতিপ্রিয়ার অভিযোগ, একাধিকবার তাঁর কো-অ্যাক্টর তাঁকে অনুচিত ও ব্যক্তিগত প্রশ্ন করেছেন। একবার একটি ইভেন্টে যাবেন কি না জিজ্ঞাসা করলে, তিনি জানান যে তাঁর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। জবাবে তিনি শুনতে পান, “তুমি কি প্রেগন্যান্ট?” এমনকি একটি এআই প্রযুক্তিতে তৈরি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মাঝরাতে পাঠিয়ে লেখা হয়, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও। এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে।”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় অনুরাগী মহলে। এবার পাল্টা প্রতিক্রিয়ায় আজকাল ডট ইন-এ মুখ খোলেন জিতু কামাল। অভিনেতার বক্তব্য, “দিতিপ্রিয়া নেহাতই বাচ্চা মেয়ে, হয়তো রেগে গিয়ে এসব করছে। আমি ওকে এখনও স্নেহ করি। তবে আমার কাছেও যথেষ্ট প্রমাণ রয়েছে, সময়মতো সব প্রকাশ করব।”

তাঁর কথায়, “এই মুহূর্তে বিষয়টি প্রযোজনা সংস্থা দেখছে, তাই আমি চুপ আছি। তবে স্পষ্ট বলতে চাই, আমি কারও গা ঘেঁষে থাকতে পারি না, সেটা যদি কেউ মেনে নিতে না পারে, তাহলে দোষ আমার নয়। অভিনেত্রী হয়তো কষ্ট পেয়েছেন কারণ সিরিয়ালে নায়কের গুরুত্ব বেশি। এটা তো দর্শকরাই দেখতে পাচ্ছেন।”

এই উত্তপ্ত টানাপোড়েনে ধারাবাহিকের ভবিষ্যৎ কী হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.