বিনোদন

বাদল সরকারের চরিত্রে অঞ্জন দত্ত: গুরু-শিষ্যের অনুচ্চারিত গল্প ফুটবে বড় পর্দায়

নাট্যকার বাদল সরকারের জীবন ও দর্শন এবার বড় পর্দায় তুলে আনতে চলেছেন অভিনেতা-পরিচালক অঞ্জন দত্ত। নিজের গুরু হিসেবে মানা এই কিংবদন্তি নাট্যকারের চরিত্রে অভিনয় করছেন তিনি। নতুন ছবির নাম ‘সারা দিন সারা রাত্তির’, যার শুটিং শুরু হবে আগামী পয়লা ডিসেম্বর। এই ছবির প্রস্তুতির অংশ হিসেবেই এখনকার বাড়তি চুল-দাড়ির লুক, জানালেন অভিনেতা।

সম্প্রতি গোয়া থেকে কলকাতায় ফিরে আসেন অঞ্জন দত্ত, তাঁর আসন্ন ছবি ‘দেরি হয়ে গেছে’-র প্রচার উপলক্ষে। সেই অনুষ্ঠানেই তিনি জানান, “এ বছর বাদল সরকারের জন্মশতবর্ষ। আর আমার প্রথম গুরু তিনিই। মৃণাল সেনের আগেই বাদলদার সঙ্গে আমার আলাপ। আমি তখন অভিনয় শিখতে চাইছিলাম, কিন্তু বাড়িতে সে অনুমতি ছিল না। বন্ধুর কাছ থেকে শুনলাম বাদলদা অভিনয়ের ক্লাস নেন। পৌঁছে যেতেই উনি ভাবলেন আমি বোধহয় পাকা ছেলে—বললেন, সারা দিনে শহর ঘুরে আমাকে খুঁজে পেলে তবে অভিনয় শেখাবেন। সত্যিই সারা কলকাতা চষে বেড়িয়ে ওঁকে খুঁজে পেলাম। সেই ঘোরাঘুরিতেই শহরটাকে নতুন করে চিনলাম।”

উনিশ বছর বয়সে বাদল সরকারের কাছেই তাঁর অভিনয়ের প্রথম পাঠ, সেটাই আজও তাঁর সেরা স্মৃতি। তাই গুরু-শিষ্যের এই ব্যক্তিগত যাত্রাকেই অঞ্জন দত্ত এ ছবিতে শ্রদ্ধাঞ্জলি হিসেবে তুলে ধরতে চান। ছবিতে বাদল সরকারের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করবেন গায়ক শ্রীকান্ত আচার্য্যের পুত্র পূরবশীল আচার্য্য।

পরিচালকের কথায়, বাদল সরকার সম্পর্কে অনেক অজানা অধ্যায়, অনেক ব্যক্তিগত মুহূর্ত, তাঁর নাট্যভাবনা ও জীবনদর্শন—সবই উঠে আসবে এই ছবিতে। অঞ্জন দত্তের চোখে ফুটে উঠবে এক আলাদা বাদল সরকার, যাঁকে তিনি দেখেছেন, চিনেছেন এবং আজও যাঁকে মনে করেন তাঁর অভিনয়জীবনের ভিত্তি। ছবিটি মুক্তির আগেই দর্শকমহলে শুরু হয়েছে কৌতূহল—কী নতুন চমক নিয়ে হাজির হবেন অঞ্জন দত্ত তাঁর গুরুর চরিত্রে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.