ওড়িশায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ওড়িশার সম্বলপুর জেলার শান্তিনগর এলাকায়। মৃত যুবকের নাম জুয়েল রানা (২১)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র চার দিন আগেই জুয়েল রানা রাজমিস্ত্রির কাজ করতে সম্বলপুরে গিয়েছিলেন। তাঁর সঙ্গে মুর্শিদাবাদ জেলার সুতি, রঘুনাথগঞ্জ সহ বিভিন্ন এলাকার আরও কয়েকজন যুবক একটি বহুতল নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন। বুধবার রাত আনুমানিক ৯টা নাগাদ স্থানীয় কয়েকজন যুবক তাঁদের থাকার জায়গায় এসে পরিচয়পত্র দেখাতে বলেন বলে অভিযোগ।
সেই সময় পরিযায়ী শ্রমিকেরা খাওয়া-দাওয়া সেরে লুঙ্গি পরে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, এই পোশাক ও ভাষার ভিত্তিতে তাঁদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। কিছু বোঝার আগেই ৭–৮ জন স্থানীয় যুবক লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর শুরু করে।
আক্রমণে গুরুতর জখম হন জুয়েল রানা। রক্তাক্ত অবস্থায় তাঁকে ও আরও কয়েকজনকে সম্বলপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মুর্শিদাবাদের আরও দুই যুবক—পলাশ শেখ ও আমির শেখ—গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। জুয়েলের মা নাজেমা বিবি কান্নায় ভেঙে পড়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে, ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।







