রাজনীতি

শুভেন্দুর আর্জিতে ধাক্কা! মুকুলের সদস্যপদ বাতিলের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

মুকুল রায়ের বিধায়ক পদ ফিরে পাওয়া নিয়ে নাটকীয় মোড় এল দেশের সর্বোচ্চ আদালতে। কলকাতা হাই কোর্ট তাঁর সদস্যপদ খারিজ করার যে নির্দেশ দিয়েছিল, শুক্রবার তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর ফলে আপাতত মুকুল রায়ের বিধায়ক তকমা বজায় থাকছে। বাবার হয়ে শীর্ষ আদালতে এই লড়াইটা লড়ছেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়।

ঘটনার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেও পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। কিন্তু তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা না দেওয়ায় দলত্যাগ বিরোধী আইনের প্যাঁচে পড়ে যান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকারের কাছে তাঁর পদ খারিজের দাবি জানালেও, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মুকুল রায় বিজেপিতেই আছেন। এই টানাপোড়েনের মাঝেই মামলা গড়ায় আদালতে। গত ১৩ নভেম্বর কলকাতা হাই কোর্ট ঐতিহাসিক এক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল করে দেয়।

হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন শুভ্রাংশু রায়। তাঁর যুক্তি ছিল, কোনো নির্বাচিত জনপ্রতিনিধির পদ বাতিলের চূড়ান্ত ক্ষমতা স্পিকারের, আদালতের নয়। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ হাই কোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে। সেই সঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে নোটিশ পাঠিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রাজনৈতিক মহলে মুকুল রায়ের বর্তমান অবস্থা নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন এবং সক্রিয় রাজনীতি থেকে যোজন দূরে। আদালতে শুভ্রাংশুর মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে সব দিক খতিয়ে দেখে শীর্ষ আদালত আপাতত হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ায় কিছুটা স্বস্তিতে রায় পরিবার। এখন দেখার, চার সপ্তাহ পর সব পক্ষের জবাব পাওয়ার পর সুপ্রিম কোর্ট চূড়ান্ত কী ফয়সালা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.