রাজনীতি

জলপাইগুড়ির মঞ্চে প্রশাসনিক সৌজন্যের আড়ালে রাজনৈতিক তীব্রতা: এজেন্সি নিয়ে বিচারব্যবস্থার দৃষ্টি আকর্ষণ মুখ্যমন্ত্রীর, পাল্টা তোপ বিজেপি–সিপিএমের

জলপাইগুড়ি | নিজস্ব সংবাদদাতা: শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসনিক সৌজন্যের আবহ থাকলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কার্যত রাজনৈতিক উত্তাপ ছড়াল। কেন্দ্রীয় আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট–কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উপস্থিতিতেই তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এজেন্সি ব্যবহার করে অপমান ও হেনস্থার একটি প্রবণতা তৈরি করা হয়েছে, যা শেষ পর্যন্ত গণতন্ত্রের ভিতকে দুর্বল করছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আজকাল একটা ট্রেন্ড চলছে—এজেন্সি দিয়ে অপমান করা।” তিনি দাবি করেন, কিছু সংস্থা ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা করছে, যার ফলে মানুষের সম্মানহানি হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বিচারব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংবিধান রক্ষার দায়িত্ব আজ আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “আমরা আপনাদের কাস্টডিতে রয়েছি। সংবিধানকে বাঁচানোর দায়িত্ব আপনাদের।” দেশ, মানুষ ও গণতন্ত্রকে রক্ষা করতে বিচারব্যবস্থার সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে নিশানা করে যদি তদন্তকারী সংস্থার অপব্যবহার হয়, তবে তা গণতন্ত্রের জন্য অশনিসঙ্কেত।

হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনের মতো প্রশাসনিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, বিচারপতিদের উপস্থিতিতে এজেন্সি নিয়ে এই সরব অবস্থান নিছক রাজনৈতিক মন্তব্য নয়, বরং একটি সাংবিধানিক বার্তা বহন করে।

তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই পাল্টা আক্রমণে নামে বিজেপি ও সিপিএম। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিভ্রান্তির ছাপ স্পষ্ট। তাঁর দাবি, এসআইআর সম্পূর্ণ হলে তৃণমূল কংগ্রেসের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। আরও তীব্র ভাষায় তিনি বলেন, যে বিচারব্যবস্থার কাছে মুখ্যমন্ত্রী সাহায্য চাইছেন, সেই বিচারব্যবস্থার কাজই হবে আগে তাঁকে জেলে পাঠানো।

অন্যদিকে, সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, বিচারপতিদের সামনে এমন ভাষা ব্যবহার করে মুখ্যমন্ত্রী নিজেই বিচারব্যবস্থাকে কলঙ্কিত করেছেন। তাঁর বক্তব্য, সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রশ্ন তুলে না ধরে মুখ্যমন্ত্রী কার্যত নিজের দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে বিচারপতিদের কাছে রাজনৈতিক আবেদন জানিয়েছেন।

এই বিতর্ক সামনে এসেছে এমন এক সময়ে, যখন আইপ্যাক–ইডি মামলায় রাজ্য সরকার আইনি চাপে রয়েছে। কয়লা পাচার মামলার সূত্রে ইডি কলকাতার আইপ্যাক অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা গড়ায়।

গত ১৫ তারিখ সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে রাজ্য সরকারের অবস্থান আরও জটিল হয়। অন্তর্বর্তী নির্দেশে শীর্ষ আদালত জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রাজ্য প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ বিচ্ছিন্ন নয়, বরং গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিচ্ছে। বিচারপতি জে মিশ্র মন্তব্য করেন, মামলাটি চাইলে দ্রুত নিষ্পত্তি করা যেত, তবে বিষয়টির গুরুত্বের কারণে সমস্ত বক্তব্য নথিভুক্ত করে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে।

শীর্ষ আদালত মামলার সব পক্ষকে নোটিস জারি করার পাশাপাশি রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে কাউন্টার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। এছাড়া, ৮ জানুয়ারির তল্লাশির সময়কার সিসিটিভি ফুটেজ ও স্টোরেজ ডিভাইস সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি পর্যন্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে চলমান সব পুলিশি তদন্তও স্থগিত রাখা হয়েছে।

এই প্রেক্ষাপটে জলপাইগুড়ির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্য রাজনীতিতে এজেন্সি, বিচারব্যবস্থা ও সাংবিধানিক সীমারেখা নিয়ে বিতর্ককে নতুন করে উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.