মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া। বারামতীতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে মুম্বই থেকে রওনা দেওয়ার মাত্র আধঘণ্টার মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
রাডার সূত্রে জানা গিয়েছে, উড়ানের প্রায় ২৪ মিনিট পর থেকেই বিমানটির তরফে একাধিকবার সিগন্যাল পাঠানো বন্ধ হয়ে যায়। শেষ কয়েক মিনিটে বিমানের উচ্চতা ও গতিবেগ দ্রুত কমতে দেখা গেলেও পাইলটের পক্ষ থেকে কোনো বিপৎসংকেত বা ‘মে ডে’ কল আসেনি, যা তদন্তকারীদের কাছে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার ঠিক আগে বারামতী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) দ্বিতীয়বার অবতরণের অনুমতি দিয়েছিল। কিন্তু সেই নির্দেশের পর পাইলটের তরফে আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবতরণস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রথম প্রচেষ্টায় অবতরণে ব্যর্থ হয়ে বিমানটি চক্কর কাটছিল। সেই সময় ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি বা পরিস্থিতিগত সমস্যা তৈরি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে কোনো সতর্কতামূলক বার্তা না আসা এবং হঠাৎ সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ডিজিসিএ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের যৌথ তদন্ত শুরু হয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার ও রাডার ডেটা বিশ্লেষণের মাধ্যমেই সঙ্কেতহীন সেই শেষ মুহূর্তগুলোর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
রাজ্য ও দেশজুড়ে এই দুর্ঘটনায় শোকের আবহ। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার মনেই একটাই প্রশ্ন, শেষ মুহূর্তে কী ঘটেছিল আকাশে?







