কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রচারে গতি বাড়াচ্ছে বিজেপি। ‘পরিবর্তন যাত্রা’র মাধ্যমে রাজ্য জুড়ে জনসংযোগ শুরু করেছে গেরুয়া শিবির। এই কর্মসূচির মাধ্যমে উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি তুলে ধরার পাশাপাশি একাধিক বড় ঘোষণাও করেছে দল।
বিজেপি জানিয়েছে, ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হবে। এই তহবিল থেকে জীবিকা প্রকল্প, দক্ষতা উন্নয়ন, স্বনির্ভর গোষ্ঠীর প্রসার, শিক্ষা সহায়তা এবং নারী নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে অর্থ ব্যয় করা হবে।
এছাড়াও দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে বিজেপি জানিয়েছে, ক্ষমতায় এলে তাদের প্রথম দিকের সিদ্ধান্তগুলির মধ্যে একটি হবে সপ্তম বেতন কমিশন চালু করা। দলের বক্তব্য, এতে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবার সরাসরি উপকৃত হবেন এবং তাঁদের আর্থিক নিরাপত্তা বাড়বে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, গত কয়েক বছরে বিপুল সংখ্যক সরকারি পদ তুলে দেওয়া হয়েছে, যার ফলে বহু তরুণ চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ক্ষমতায় এলে সেই সব পদ পুনরায় চালু করে শূন্য পদে স্বচ্ছ ও মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে বলে দাবি করেছে দল।
সীমান্ত নিরাপত্তা নিয়েও কড়া অবস্থান নিয়েছে বিজেপি। দলের দাবি, রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ একটি বড় সমস্যা হয়ে উঠেছে। ক্ষমতায় এলে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলিতে সম্পূর্ণ বেড়া নির্মাণ করে অনুপ্রবেশ রোধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।
এর পাশাপাশি রাজ্যে তথাকথিত ‘কাটমানি’ ও দাদাগিরির সংস্কৃতি বন্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি। ব্যবসা ও নির্মাণ ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের অভিযোগ তুলে দল জানিয়েছে, ক্ষমতায় এলে বিনিয়োগ ও ব্যবসার জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করা হবে।
এদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে একটি বৃহৎ জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের দাবি, ওই সভা থেকেই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বার্তা আরও জোরালো হবে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নারী উন্নয়ন ও আর্থিক সহায়তার প্রশ্নকে সামনে রেখে বিজেপি কার্যত রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পাল্টা রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল নিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় প্রতিটি উপভোক্তা মহিলাকে মাসে অন্তত ৩ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই প্রেক্ষিতেই মহিলাদের জন্য ৫,৭০০ কোটির তহবিল গঠনের প্রতিশ্রুতি পরিবর্তন যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।







