নিজস্ব সংবাদদাতা, কলকাতা: একই চিত্র, একই হতাশা। আবারও হারল মহামেডান স্পোর্টিং ক্লাব। টানা সাত ম্যাচে পরাজয়ের ধাক্কায় সাদা-কালো ব্রিগেড এখন কার্যত অবনমনের দোরগোড়ায় দাঁড়িয়ে। অতীতের গৌরব যেন শুধুই স্মৃতি—বর্তমানের পারফরম্যান্সে তার কোনও প্রতিফলন নেই।
রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীর বিরুদ্ধে ‘ঘুরে দাঁড়ানোর’ ম্যাচ ছিল মহামেডানের সামনে। কিন্তু লড়াই থাকলেও ফলাফল বদলাল না। ১-০ গোলে হার মেনে মাঠ ছাড়তে হল মেহরাজউদ্দিন ওয়াড়ুর দলকে।
ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে প্রতি-আক্রমণের কৌশল নেয় মহামেডান। তবে ১৫ মিনিটেই ধাক্কা—মহম্মদ আসিফ খানের গোলে এগিয়ে যায় ইন্টার কাশী। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় প্রতিপক্ষ। প্রথমার্ধে কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি মহামেডান।
দ্বিতীয়ার্ধে চিত্র প্রায় একই। বল দখলে এগিয়ে ছিল ইন্টার কাশী (৫৮ শতাংশ), যদিও আক্রমণে পিছিয়ে ছিল তারা। মহামেডান গোলমুখে ১১টি শট নেয়, যেখানে ইন্টার কাশীর শট সংখ্যা ৮। তবুও গোলের সামনে ব্যর্থতা ভুগিয়েছে সাদা-কালোদের।
ওয়েন ভাজ ও মাকান চোথেরার দৃঢ় রক্ষণ এবং গোলরক্ষকের পারফরম্যান্স ইন্টার কাশীকে এগিয়ে রাখে। অন্যদিকে, একের পর এক সুযোগ নষ্ট করে ম্যাচে ফেরার রাস্তা নিজেরাই বন্ধ করে দেয় মহামেডান।
শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ১১ পয়েন্টে লিগের অষ্টম স্থানে উঠে গেল ইন্টার কাশী। বিপরীতে, টানা সাত হার নিয়ে তালিকার তলানিতে রয়ে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব—অবনমনের আশঙ্কা এখন আরও প্রকট।
প্রশ্ন একটাই—এই অন্ধকার থেকে আলোয় ফিরবে কবে সাদা-কালো ব্রিগেড?







