টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অভিনয় জগতের পরিচিত মুখ ছিলেন না, তিনি ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের এক নিবেদিতপ্রাণ সমর্থকও। লাল-হলুদ জার্সির প্রতি তাঁর আবেগ, গ্যালারিতে দাঁড়িয়ে প্রিয় দলের জন্য উচ্ছ্বাস প্রকাশ কিংবা ক্লাবের প্রতি নিঃশর্ত ভালোবাসা আজও সমর্থকদের মনে অমলিন। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও তাঁর সেই ফুটবলপ্রেম এবং ক্লাবের প্রতি অনুরাগ চিরকাল বেঁচে থাকবে লাল-হলুদ সমর্থকদের হৃদয়ে। সেই আবেগকেই সম্মান জানাতে এবার আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রদর্শনী ফুটবল ম্যাচের।
রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষদিকের অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম ‘ছবিওয়ালা’। এই ছবির টিম এবং পরিচালক বাপ্পার উদ্যোগে আগামী ১৫ জুন কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে একটি বিশেষ ট্রিবিউট এক্সিবিশন ম্যাচ। অনুষ্ঠানের মূল ভাবনা তুলে ধরতে রাখা হয়েছে বিশেষ ট্যাগলাইন— “লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা”। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে ফুটবল ও চলচ্চিত্র— দুই জগতের আবেগ একসূত্রে বাঁধা পড়বে।
এই স্মরণীয় অনুষ্ঠান সফল করতে মাঠ ব্যবহারের অনুমতি ও প্রয়োজনীয় সহযোগিতা করেছেন ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা নীতু সরকার। তাঁর সহযোগিতা ছাড়া এমন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হতো না বলেই জানিয়েছে ‘ছবিওয়ালা’ ছবির টিম।
রাহুলকে শ্রদ্ধা জানাতে মাঠে নামবেন ইস্টবেঙ্গলের একঝাঁক প্রাক্তন তারকা ফুটবলার। প্রদর্শনী ম্যাচের জন্য গঠন করা হয়েছে দুটি বিশেষ দল— ‘রাহুল টুয়েলভথ ম্যান’ এবং ‘ছবিওয়ালা টুয়েলভথ ম্যান’।
রাহুল টুয়েলভথ ম্যান:
শুভাশিষ রায়চৌধুরী, অর্ণব মণ্ডল, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে এবং অ্যালভিটো ডি’কুনহা।
ছবিওয়ালা টুয়েলভথ ম্যান:
সন্দীপ নন্দী, সফর সর্দার, মহম্মদ রফিক, সৈয়দ রহিম নবী, সৌমিক দে এবং অসীম বিশ্বাস।
একই মাঠে আবারও প্রাক্তন তারকাদের দেখতে পাওয়ার খবরে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা। পরিচালক বাপ্পা জানান, “রাহুলদা হয়তো আজ শারীরিকভাবে আমাদের সঙ্গে নেই, কিন্তু তাঁর স্মৃতি, তাঁর শেষদিকের কাজ ‘ছবিওয়ালা’ এবং ফুটবলের প্রতি তাঁর ভালোবাসার মধ্য দিয়েই তিনি আমাদের কাছে চিরজীবী হয়ে থাকবেন।”
ফুটবল এবং সিনেমার এই ব্যতিক্রমী মেলবন্ধনকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে। আগামী ১৫ জুন ইস্টবেঙ্গল মাঠে সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাবে বলেই আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ‘ছবিওয়ালা’ ছবিতে প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দেবলীনা, শান্তনু নাথ, রিমি দেব এবং রানা বসু ঠাকুর। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যঋত। এছাড়াও নেপথ্য সংগীতে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম, সোমলতা আচার্য এবং জোজোর মতো জনপ্রিয় শিল্পীরা।






