জেলা

১৫ বছরের দুর্নীতির অভিযোগে তোলপাড় স্কুল! অভিভাবক বৈঠকে বিস্ফোরক দাবি

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-১ ব্লকের জাড়া হাইস্কুলকে ঘিরে উঠল একের পর এক গুরুতর দুর্নীতির অভিযোগ। সম্প্রতি শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের বৈঠকে প্রকাশ্যে আসে বহু বছরের অনিয়মের অভিযোগ, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

অভিভাবক ও স্কুল পরিচালন কমিটির একাংশের দাবি, গত প্রায় ১৫ বছর ধরে স্কুলের শিক্ষাব্যবস্থা থেকে পরিকাঠামো—সব ক্ষেত্রেই অনিয়ম চলেছে। অভিযোগ, পড়াশোনায় দুর্বল বা নিয়মিত ক্লাসে অনুপস্থিত ছাত্রছাত্রীদেরও অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেওয়া হত। পাশাপাশি মিড ডে মিল প্রকল্প নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ, রবিবারের মতো ছুটির দিনেও খাবার বিতরণের হিসাব দেখানো হয়েছে।

শুধু তাই নয়, স্কুলে অতিরিক্ত ক্লাস নেওয়ার নামে টাকা আদায়, মিড ডে মিলের চাল বিক্রি এবং স্কুল উন্নয়নের বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে। পরিচালন কমিটির কয়েকজন সদস্যের দাবি, এই সমস্ত কর্মকাণ্ডে তৎকালীন পরিচালন কমিটির কর্তাদের পাশাপাশি শিক্ষকদের একাংশও জড়িত ছিলেন।

বৈঠকে এই অভিযোগগুলি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাঁদের প্রশ্নের মুখে পড়েন উপস্থিত শিক্ষকরা। অভিযোগকারীদের দাবি, একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি কেউই।

স্কুলের বর্তমান প্রধান শিক্ষক হিরণ্ময় মুখোপাধ্যায়ের কাছেও বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা চাওয়া হলে তিনি স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি বলে দাবি অভিভাবকদের। অন্যদিকে, স্কুল পরিচালন কমিটির সম্পাদক দেবাশিস মুখোপাধ্যায়ও অতীতের নানা অনিয়মের প্রসঙ্গ তুলে ধরেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তদন্ত হলে বহু বছরের অনিয়মের প্রকৃত চিত্র সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.