কমেডিয়ান তথা ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী প্রণীত মোরের একটি স্ট্যান্ড-আপ কমেডি শোয়ের ‘ক্রাউড-ওয়ার্ক’ ভিডিও ক্লিপ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক বিতর্কের সূত্রপাত হয়। প্রথমে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক দর্শক, তবে ক্রমে সেই বিতর্ক বিস্তৃত হয়ে দাঁড়ায় নারীর সম্মতি, সামাজিক দায়িত্ববোধ এবং মঞ্চে আপত্তিকর মন্তব্যের মুখে একজন শিল্পীর ভূমিকা নিয়ে বৃহত্তর আলোচনায়।
ঘটনাটি কী?
গুরুগ্রামে অনুষ্ঠিত ওই শোয়ে হিমাংশু জাঙ্গরা নামে এক দর্শক নিজের ডেটিং-সংক্রান্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, তিনি এক মহিলাকে ডেটে নিয়ে গিয়ে ৩৭০ টাকা খরচ করে চিকেন বিরিয়ানি খাইয়েছিলেন। তাঁর দাবি, সেই খরচ করার কারণে তিনি ওই মহিলার কাছ থেকে শারীরিক ঘনিষ্ঠতা প্রত্যাশা করেছিলেন। তিনি মন্তব্য করেন, “৩৭০ টাকা খরচ করেছি, কিছু তো পাওনা ছিল।” অর্থাৎ, শুধুমাত্র খাবারের বিল মেটানোর ভিত্তিতে তিনি নিজেকে শারীরিক সম্পর্কের দাবিদার বলে মনে করেছিলেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনা শুরু হয়। কনটেন্ট ক্রিয়েটর উরফি জাভেদ ক্লিপটি শেয়ার করে এর তীব্র নিন্দা করেন। বহু নেটিজেন প্রশ্ন তোলেন, এমন মন্তব্যের পরেও কেন মঞ্চে উপস্থিত কেউ তাৎক্ষণিকভাবে আপত্তি জানাননি।
ক্রমবর্ধমান সমালোচনার মুখে ২ জুন ইনস্টাগ্রামে বিবৃতি দেন প্রণীত মোরে। তিনি জানান, ওই মন্তব্য তাঁর ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তখনই এর বিরোধিতা না করা তাঁর বড় ভুল ছিল। পাশাপাশি, সংশ্লিষ্ট ভিডিও সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার কথাও জানান তিনি। অন্যদিকে, হিমাংশু জাঙ্গরাও প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, তাঁর বক্তব্য ছিল অপরিণামদর্শী এবং কারও অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না।
তবে বিতর্ক সেখানেই থেমে থাকেনি। ৮ জুন গুরুগ্রামের সংস্থা ‘স্টারভিক ডিজাইন’ তাদের কর্মী হিমাংশু জাঙ্গরাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানায়। সংস্থার প্রতিষ্ঠাতা বিবেক বিশ্বকর্মার বক্তব্য, ভাইরাল ভিডিও নিয়ে তাঁদের কাছে অসংখ্য অভিযোগ পৌঁছেছিল এবং হিমাংশুর মন্তব্য কোম্পানির নীতির পরিপন্থী। যদিও তিনি জানান, কর্মক্ষেত্রে এর আগে তাঁর বিরুদ্ধে কোনও মহিলা সহকর্মীর অভিযোগ ছিল না। এই সিদ্ধান্তকে ঘিরে জনমত বিভক্ত হয়ে পড়ে। একদল মনে করেন, এমন মানসিকতার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে; অন্যদের প্রশ্ন, ব্যক্তিগত জীবনের আচরণের জন্য কর্মসংস্থান কেড়ে নেওয়া কতটা ন্যায়সঙ্গত।
পরবর্তীতে ১০ ও ১১ জুন ভাইরাল হওয়া শোয়ের দীর্ঘতর সংস্করণে দেখা যায়, হিমাংশু আরও আপত্তিকর ভাষায় ওই ঘটনার বর্ণনা দিচ্ছেন। সমালোচকদের দাবি, সেখানে সম্মতিহীন শারীরিক সম্পর্ককে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরা হয়েছে, আর সেই সময় প্রণীত মোরে ও দর্শকদের প্রতিক্রিয়াও প্রশ্নের মুখে পড়ে।
এর মধ্যেই একই অনুষ্ঠানের আরেকটি ভিডিও সামনে আসে। সেখানে ডঃ সেজল পাওয়ার নামে এক মহিলা দর্শক অ্যানাটমি ক্লাসে ব্যবহৃত ক্যাডাভার নিয়ে বিতর্কিত ও চটুল মন্তব্য করেন। সেই ভিডিও নিয়েও চিকিৎসক মহলসহ সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে তিনিও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
ঘটনার জেরে ১১ জুন জাতীয় মহিলা কমিশন (NCW) প্রণীত মোরে ও হিমাংশু জাঙ্গরাকে সমন পাঠায়। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর হরিয়ানার পুলিশ মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কমিশনের মতে, ভিডিওগুলিতে যৌন হয়রানি ও সম্মতিহীন সম্পর্ককে পরোক্ষভাবে সমর্থন বা উৎসাহ দেওয়ার ইঙ্গিত রয়েছে।
একই দিনে মুম্বাইয়ের নোডাল সাইবার থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ২০২৩ এবং তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর বিভিন্ন ধারায় প্রণীত মোরে, হিমাংশু জাঙ্গরা এবং ডঃ সেজল পাওয়ারের বিরুদ্ধে অশ্লীল ও আপত্তিকর বিষয়বস্তু অনলাইনে প্রচারের অভিযোগে মামলা দায়ের করা হয়।
মূলত, ৩৭০ টাকার বিরিয়ানি খাওয়ানোর বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রত্যাশাকে কেন্দ্র করে নারীর সম্মতি বা ‘কনসেন্ট’-এর গুরুত্বকে খাটো করে দেখার মানসিকতাই এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। একটি ভাইরাল ক্লিপ থেকে শুরু হওয়া এই ঘটনা এখন বিনোদন জগতের দায়িত্ববোধ, আইনি সীমারেখা এবং লিঙ্গসমতার প্রশ্নে দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে কমেডিয়ান সময় রায়নাও একটি ডিজিটাল অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। ফলে আবারও প্রশ্ন উঠছে—রসিকতার সীমা কোথায় শেষ হয় এবং সামাজিক দায়িত্ববোধ কোথা থেকে শুরু হয়?






