দেশ

পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, স্পষ্ট করল বিদেশ মন্ত্রক

পাসপোর্টকে নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে ধরা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। সম্প্রতি পাসপোর্ট দেখিয়ে সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায় কি না এবং এটি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাসপোর্ট মূলত একটি আন্তর্জাতিক ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্ট), নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় নাগরিকদের বিদেশ যাতায়াতের সুবিধা এবং বিদেশে তাঁদের পরিচয় নিশ্চিত করার উদ্দেশ্যেই পাসপোর্ট ইস্যু করা হয়। তবে এই নথিকে নাগরিকত্বের একমাত্র বা চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না।

উল্লেখ্য, এর আগে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে আধার কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না বলে জানানো হয়েছিল। এবার একইভাবে পাসপোর্ট সম্পর্কেও কেন্দ্রের অবস্থান স্পষ্ট করা হল।

সরকারি সূত্রে জানানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে পাসপোর্ট পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগে যেখানে পাসপোর্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হত, এখন অনেক ক্ষেত্রেই মাত্র পাঁচ দিনের মধ্যেই পাসপোর্ট হাতে পাওয়া সম্ভব হচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে পাসপোর্ট সেবা কেন্দ্রে আবেদনকারীদের সময়ও অনেক কমেছে, যা বর্তমানে ৪৫ মিনিটেরও নিচে নেমে এসেছে।

দেশজুড়ে ই-পাসপোর্ট পরিষেবার সম্প্রসারণের বিষয়টিও তুলে ধরা হয়েছে। গত বছরের মে মাস থেকে ইস্যু হওয়া নতুন পাসপোর্টে একটি ইলেকট্রনিক চিপ সংযুক্ত করা হচ্ছে, যেখানে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে। জালিয়াতি রোধ, নথির নিরাপত্তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।

বর্তমানে দেশে মোট ৫৪৫টি পাসপোর্ট সেবা কেন্দ্র চালু রয়েছে। চলতি বছরের মধ্যে আরও ২০টি নতুন কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে প্রতিটি লোকসভা কেন্দ্রে অন্তত একটি করে পাসপোর্ট সেবা কেন্দ্র স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পরিষেবা পৌঁছে দিতে বিশেষ মোবাইল পাসপোর্ট টিমও কাজ করছে।

পাসপোর্ট পরিষেবার বিস্তার ঘটলেও এখনও দেশের মাত্র ১০ শতাংশ মানুষের কাছে পাসপোর্ট রয়েছে। তবে বিদেশে পড়াশোনা, চাকরি এবং ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি পাওয়ায় এই নথির গুরুত্ব ক্রমশ বাড়ছে। বর্তমানে ২৭টি দেশ ভারতীয় পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেয়। এছাড়া ৪৭টি দেশে ভিসা-অন-অ্যারাইভাল এবং ৬৬টি দেশে ই-ভিসা সুবিধা পেয়ে থাকেন ভারতীয় নাগরিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.