রাজনীতি

তৃণমূলের আসল দাবি নিয়ে কমিশনে কালীঘাট শিবির, আইনি লড়াইয়ের বার্তা কল্যাণের

তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হল। নিজেদেরই “আসল তৃণমূল” দাবি করে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত নথি জমা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে দলের পক্ষে নথি জমা দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ।

নথি জমা দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আইনি দিক থেকে তাঁদের অবস্থান অত্যন্ত শক্তিশালী। তাঁর দাবি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত এবং জাতীয় কর্মসমিতির নেতৃত্বও তাঁর হাতেই রয়েছে। বিরোধী শিবির যদি দাবি করে ২০২২ সালে গঠিত জাতীয় কর্মসমিতির মেয়াদ ২০২৫ সালে শেষ হয়ে গিয়েছে, তাহলে ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত দলীয় প্রতীক ব্যবহার করে প্রার্থীরা কীভাবে ভোটে লড়লেন— সেই প্রশ্নও তোলেন তিনি।

তবে নিজেদের আইনি অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী হলেও কমিশনের সিদ্ধান্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিরোধী শিবিরের পাশে বিজেপি ও শুভেন্দু অধিকারীর সমর্থন রয়েছে। যদি কমিশনের সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে যায়, তবে আদালত এবং জনতার আদালত— দুই ক্ষেত্রেই লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরের বিরোধের জেরে নির্বাচন কমিশন উভয় পক্ষকেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের দাবি ও প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

অন্যদিকে, কমিশনের রায় নিজেদের পক্ষেই যাবে বলে আত্মবিশ্বাসী ঋতব্রত শিবিরও। এন্টালির বিধায়ক সন্দীপন সাহার দাবি, তাঁদের জাতীয় কর্মসমিতিই বৈধ এবং দলের অধিকাংশ পদাধিকারী ও কর্মী তাঁদের সঙ্গেই রয়েছেন। একই সুর শোনা গিয়েছে শিবিরের আর এক নেতা আখরুজ্জামানের গলাতেও। তাঁর বক্তব্য, সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখলে নির্বাচন কমিশন তাঁদেরকেই প্রকৃত তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.