বিনোদন

সুস্থতার পথে রাজেশ শর্মা, ভুয়ো খবর ঘিরে মুখোমুখি আপ্তসহায়ক ও সুদীপা

অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে। বর্তমানে তাঁর আর শ্বাসকষ্ট নেই, রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিক রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি সকলের সঙ্গে কথা বলছেন এবং স্বাভাবিক খাবারও খাচ্ছেন। যদিও এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে ভর্তি রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। এই তথ্য জানিয়েছেন রাজেশ শর্মার ঘনিষ্ঠ সহকারী শুভাশিস পাণ্ডা।

একইসঙ্গে অভিনেতাকে ঘিরে ছড়িয়ে পড়া খবর নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শুভাশিস। তাঁর দাবি, রাজেশ শর্মা হায়দরাবাদে নয়, কলকাতায় ফেরার পর অসুস্থ হন। বিষাক্ত পোকার কামড়ের কোনও ঘটনা ঘটেনি। বরং রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় তাঁর পা ফুলে যায়। পরে সেই জায়গা চুলকানোর ফলে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই জ্বর ও শারীরিক অসুস্থতার সৃষ্টি হয়। শুভাশিসের কথায়, প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ ছবির শুটিং চলাকালীন অভিনেতার কোনও সমস্যা হয়নি। কী উদ্দেশ্যে এমন ভুয়ো তথ্য ছড়ানো হল, তা তাঁর বোধগম্য নয়।

উল্লেখ্য, এর আগে খবর ছড়িয়েছিল যে, হায়দরাবাদে ‘ফৌজি’ ছবির শুটিং শেষে রামোজি রাও স্টুডিয়োয় বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজেশ শর্মা। সেই খবর প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত ঘটনার নেপথ্যে গাফিলতির অভিযোগ তুলে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নও তোলেন।

এই প্রসঙ্গে শুভাশিস জানান, রাজেশ শর্মার অনুমতি নিয়েই একটি ভিডিওবার্তার মাধ্যমে সংগঠনকে প্রকৃত তথ্য জানানো হয়েছে। তাঁর অভিযোগ, সম্পূর্ণ ভুয়ো খবরের জেরেই এত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, রাজেশ শর্মা অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে তাঁর শারীরিক অবস্থার নিয়মিত আপডেট দেওয়ার দায়িত্বে ছিলেন অভিনেত্রী ও সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। তবে শুভাশিসের অভিযোগের জবাবে সুদীপা জানান, তিনি নিজেও বর্তমানে ভাইরাল জ্বরে আক্রান্ত। তাঁর বক্তব্য, ইচ্ছাকৃতভাবে রাজেশ শর্মাকে নিয়ে মিথ্যা খবর ছড়ানোর কোনও কারণ বা স্বার্থ তাঁর নেই।

সুদীপা আরও বলেন, যদি এখন গোটা ঘটনাই অস্বীকার করা হয়, তাহলে তাঁর আর কিছু বলার নেই। অসুস্থতা এবং শুভাশিসের মন্তব্যের পর তিনি নিজেকে বিষয়টি থেকে সরিয়ে নিয়েছেন। পাশাপাশি তিনি অভিনেতার দ্রুত আরোগ্যও কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.