কেন্দ্র

‘বন্দেমাতরম’-এর জন্যও সমমর্যাদার আইনি সুরক্ষা, সংসদে অমিত শাহের সংশোধনী বিল

নিজস্ব প্রতিবেদন: দেশের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর মতোই জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’-কেও সমমর্যাদার আইনি সুরক্ষার আওতায় আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্র সরকার। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই ‘Prevention of Insults to National Honour (Amendment) Bill’ রাজ্যসভায় পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছিল।

সংসদের কার্যতালিকা অনুযায়ী, প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে বিদ্যমান জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন-এ পরিবর্তন এনে ‘বন্দেমাতরম’-কে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর সমতুল্য আইনি সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীতের অবমাননা আইনত দণ্ডনীয়। নতুন সংশোধনী কার্যকর হলে জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’-ও একই আইনি সুরক্ষার আওতায় আসবে।

বিল অনুযায়ী, ‘বন্দেমাতরম’ গাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা, বিঘ্ন ঘটানো বা অপমানজনক আচরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। দোষী সাব্যস্ত হলে জরিমানা, কারাদণ্ড অথবা উভয় দণ্ডই হতে পারে। আইনে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাবাসের বিধান রাখা হয়েছে। পাশাপাশি একই ব্যক্তি পুনরায় একই ধরনের অপরাধ করলে অতিরিক্ত এক বছরের কারাদণ্ডের ব্যবস্থাও প্রস্তাব করা হয়েছে।

সরকারের দাবি, জাতীয় প্রতীক ও জাতীয় মর্যাদার সঙ্গে যুক্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সুরক্ষিত করাই এই সংশোধনী বিলের মূল উদ্দেশ্য। বিলটি সংসদে পাস হলে ‘বন্দেমাতরম’-এর আইনি মর্যাদা ও সুরক্ষা উল্লেখযোগ্যভাবে আরও শক্তিশালী হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.