কেন্দ্র

নিজস্ব স্থাবর সম্পত্তি নেই, মাত্র ৮৫.৮৭ লক্ষ টাকার মালিক শুভেন্দু অধিকারী ! চমক এডিআর রিপোর্টে

দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর ঘোষিত সম্পত্তি, বিচারাধীন ফৌজদারি মামলা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্তারিত সমীক্ষা প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ। নির্বাচন কমিশনে জমা দেওয়া মুখ্যমন্ত্রীদের স্ব-ঘোষিত হলফনামার তথ্য বিশ্লেষণ করে তৈরি এই প্রতিবেদনে উঠে এসেছে একাধিক চমকপ্রদ তথ্য। কোথাও হাজার কোটি টাকার সম্পদের মালিক মুখ্যমন্ত্রী, আবার কোথাও এমন মুখ্যমন্ত্রীও রয়েছেন যাঁদের নামে কোনও স্থাবর সম্পত্তি নেই।

সবচেয়ে ধনী কে?

রিপোর্ট অনুযায়ী, কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ ১,৪১৩.৮ কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তির মূল্য ১,১৪০ কোটি এবং অস্থাবর সম্পত্তির মূল্য ২৭৩ কোটি টাকা।

সবচেয়ে ধনী চার মুখ্যমন্ত্রী:
১. ডি কে শিবকুমার (কর্নাটক) — ১,৪১৩.৮ কোটি টাকা
২. এন চন্দ্রবাবু নাইডু (অন্ধ্রপ্রদেশ) — ৯৩১.৮৩ কোটি টাকা
৩. সি জোসেফ বিজয় (তামিলনাড়ু) — ৬৪৮.৮৫ কোটি টাকা
৪. পেমা খান্ডু (অরুণাচল প্রদেশ) — ৩৩২.৫৬ কোটি টাকা

অন্যদিকে, সবচেয়ে কম সম্পত্তির মালিক জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তাঁর ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৫৫.২৪ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মোট ঘোষিত সম্পত্তি ৮৫.৮৭ লক্ষ টাকা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই এবং তাঁর বার্ষিক আয় ১৭.৩৮ লক্ষ টাকা।

ফৌজদারি মামলার ছবিও উদ্বেগজনক

এডিআরের সমীক্ষা অনুযায়ী, দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। অর্থাৎ প্রায় ৪৫ শতাংশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও না কোনও মামলা চলছে। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

সবচেয়ে বেশি মামলা রয়েছে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির বিরুদ্ধে। তাঁর নামে মোট ৮৯টি মামলা বিচারাধীন, যার মধ্যে ৭২টি গুরুতর অপরাধ সংক্রান্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে ২৯টি মামলা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর অধিকাংশই রাজনৈতিক প্রকৃতির।

সম্পদ, বয়স ও শিক্ষাগত যোগ্যতার সামগ্রিক চিত্র

সমীক্ষা অনুযায়ী, ৩১ জন মুখ্যমন্ত্রীর ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৩,৬৬০ কোটি টাকা। গড়ে প্রত্যেক মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ১১৮.০৭ কোটি টাকা। বর্তমানে এই ৩১ জনের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হলেন দিল্লির রেখা গুপ্তা। সবচেয়ে প্রবীণ মুখ্যমন্ত্রী পুদুচেরির এন রঙ্গাস্বামী এবং সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও কনরাড সাংমা।

শিক্ষাগত যোগ্যতার বিচারে ৯ জন মুখ্যমন্ত্রী স্নাতকোত্তর, ৭ জন স্নাতক, ৬ জন পেশাদার গ্র্যাজুয়েট, ৩ জন ডক্টরেট ডিগ্রিধারী এবং ২ জন দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.